

হাকিকুল ইসলাম,যুক্তরাষ্ট্র: বাংলাদেশে বর্তমান সরকারের আমলে ব্যাপকহারে দুর্নীতি হচ্ছে। সীমাহীন দুর্নীতির ফলে দেশের বিভিন্ন খাতে উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। এসব দুর্নীতি না থাকলে দেশের চেহারাই পাল্টে যেত, দেশ আরও এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন সদ্য দেশ থেকে ফিরে আসা যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড, সিদ্দিকুর রহমান।দেশ থেকে সাম্প্রতি যুক্তরাষ্ট্রে ফিরে এসে স্থানীয় সময় শনিবার (জুন ৫) দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় দেশের পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, মুজিবকোট গায়ে দিয়ে আওয়ামী লীগ নামধারী নেতারা কিভাবে এত মিথ্যা কথা বলেন তা দেখে তিনি হতবাক হয়েছেন।বিলুপ্ত ঘোষিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড, সিদ্দিকুর রহমান বলেন, দেশে গিয়ে করোনাকালীন তিনি অসহায় মানুষদেরকে কিছু অর্থ সহায়তা দেবার কথা চিন্তা করেছিলেন, কিন্তু কাকে দায়িত্ব দেবেন সে রকম মানুষ খুঁজে পাননি তিনি। কারণ স্থানীয় নেতাকর্মীসহ সর্বত্রই দুর্নীতিবাজে ভরে গেছে।তিনি বলেন, দেশের টাকা লুটপাট করে যারা লন্ডনে, যুক্তরাষ্ট্রে কিংবা কানাডার বেগম পাড়ায় যারা বাড়ি করে বিলাসবহুল জীবন-যাপন করছেন তাদেরকে এখান থেকে আমরা কিছু করতে পারব না, তবে তাদেরকে চোর বলে সামাজিকভাবে বয়কট ও ঘৃণা করি।তিনি আরও বলেন, বাংলাদেশের সবচেয়ে দুর্ভাগ্য বা বড় অসুবিধা হলো দেশে কোনো শক্তিশালী বিরোধী দল নাই। তাই সরকার বা শেখ হাসিনার সমালোচনা করার মতো কেউ নেই। তাই আসুন সরকারের সমালোচনা করি এবং পাশাপাশি একটি শক্তিশালী বিরোধীদল গঠন করি।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সা. সম্পাদক আব্দুস সামাদ আজাদের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক সভাপতি ড. সিদ্দিকুর রহমান।সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. সিদ্দিকুর রহমান, হাজী এনাম ও শামসুদ্দিন আজাদ। এছাড়াও কৃষিবিদ আশরাফুজ্জামান, শাহানারা রহমান, সোলায়মান আলী ও আব্দুল হাসিব মামুন এ সময় উপস্থিত ছিলেন।