

তেতুলিয়া সংবাদদাতাঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গরুর মৃত্যুতে এলাকায় ক্ষোভ বিরাজ করছে । রবিবার সকালে তেঁতুলিয়া সদর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, তেঁতুলিয়া সদর ইউনিয়নের একটি মাঠে বাধা অবস্থায় ঘাস খাচ্ছিলো গরুটি। এমন সময় মাঠের উপর দিয়ে বাঁশের খুটিতে ঝুলানো কভার বিহীন বিদ্যুতের তার ছিড়ে গরুটির উপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুটি মৃত্যু বরণ করে।
গরুর মালিক স্থানীয় কাজীপাড়া গ্রামের কাজী মকসেদুর রহমান জানান, সিমেন্টের তৈরি বা শক্ত খুঁটি ব্যবহার না করে সাধারণ বাঁশের খুঁটি দিয়ে অবৈধভাবে সংযোগ টানার কারনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুটি মারা যায়। এসব অবৈধ সংযোগের কারণে মানুষেরও প্রাণহানির ঘটনা ঘটতে পারতো।
স্থানীয় বাসিন্দা আল মুজাহিদ বলেন, এ ধরনের দুর্ঘটনায় এর আগে মানুষ মারা গিয়েছিল; এবার গরু মারা গেল। স্থানীয় বিদ্যুৎ অফিসের লোকজন টাকা খেয়ে অবৈধভাবে বাঁশের খুঁটিতে করে বাসা বাড়ীতে বিদ্যুতের লাইন সংযোগ দিচ্ছে যার কারণে এসব দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, পুরো তেঁতুলিয়ায় এরকম অবৈধ লাইন ভুরি ভুরি। অথচ বিদ্যুৎ অফিসের লোকজন ঠুনকো কারণে গ্রাহককে হয়রানি করে। দুই মাসের বিল বকেয়া থাকলে এবং তাদেরকে ঘুষ না দিলে মোবাইল কোর্ট ডেকে জরিমানা আদায় সহ মামলা করে। স্থানীয় আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মার স্বেচ্ছাচারিতা এখন চরমে উঠেছে। তার আচার-আচরণে মানুষ অতিষ্ঠ। তার বিরুদ্ধে যে কোন সময় জনগণ ফুঁসে উঠতে পারে।
এ বিষয়ে তেঁতুলিয়া বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী সত্যজিৎ দেব শর্মার সাথে কথা বলতে তার মুটোফোনে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।