

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় ওই কন্টেইনার ডিপোতে আগুন লাগে। এরপর ডিপোর কিছু কন্টেইনারে থাকা রাসায়নিকের কারণে সেখানে বারবার বিস্ফোরণ ঘটে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪১ জনের লাশ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরাও রয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগুন ও বিস্ফোরণের এ ঘটনায় শোক জানিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দিতে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শেখ হাসিনা তার শোক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
স্পিকারের শোক
সীতাকুণ্ডে ডিপো কন্টেইনার টার্মিনালে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শোকবার্তায় স্পিকার নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিরোধীদলীয় নেতার শোক
ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
আগুন দ্রুত নিযন্ত্রণে এনে উদ্ধার তৎপরতা পরিচালনাসহ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানোর পাশাপাশি ভয়াবহ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে রওশন এরশাদ এসব কথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ছড়িয়ে পড়া কেমিক্যাল সমুদ্রে পড়লে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের শঙ্কা থেকে যাবে। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি হতাহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বানও জানান রওশন এরশাদ।
ফায়ার সার্ভিস, পুলিশ-প্রশাসন, সেনাবাহিনী ও চিকিৎসকদের দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে হতাহতের সংখ্যাসহ আরও বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
একইসঙ্গে তিনি নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এনপির শোক
অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনায় বিএনপি ক্ষুব্ধ উল্লেখ করে তিনি বলেন, সরকারের ব্যর্থতা এই দুর্ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী। সরকার শুধু মাত্র পোর্টের উন্নয়নের কথা বলে, কিন্তু পোর্টের ভেতরের অবস্থা যে ভঙ্গুর তা বলে না। এ ঘটনায় অগ্নিদগ্ধদের উপযুক্ত চিকিৎসা সেবা দেয়া, দুর্ঘটনা মোকাবেলা ও জনগণের জীবনের নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ বলে মন্তব্য করেন তিনি।
রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়নে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জাপার শোক
অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।
রোববার এক বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাপা চেয়ারম্যান। বিবৃতিতে জি এম কাদের বলেন, এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতি হতবাক হয়েছেন। অগ্নিকাণ্ডের ভয়াবহতায় বিশ্ববাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
তিনি বলেন, কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি অগ্নি প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।
বাঁশখালী সমিতি ঢাকার শোক
বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় বাঁশখালী সমিতি ঢাকার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাঁশখালী সমিতি ঢাকার সভাপতি অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু মো. মহিউদ্দিন কাদেরী নিহতদের রুহের মাগফেরাত কামনা ও গুরুতর আহতদের সুস্থতা কামনা করেছেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম