

স্টাফ রিপোর্টার: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংস্কারকৃত সংসদ সদস্য ভবনগুলো আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংসদ সদস্যদের জন্য সুন্দর পরিবেশ ও সুযোগ সুবিধাসম্পন্ন আবাসস্থল নিশ্চিতকরণে আমরা সচেষ্ট রয়েছি এবং প্রধানমন্ত্রী এসকল উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নের প্রতি খুবই যত্নবান।
তিনি আজ মানিক মিয়া এভিনিউতে সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
স্পিকার সংস্কারকৃত ৪নং সদস্য ভবনের শুভ উদ্বোধন করেন এবং সংস্কারকৃত ভবনটি পরিদর্শন করেন। তিনি সাগুফতা ইয়াসমিন এমিলি এমপিকে প্রতীকী চাবি হস্তান্তর করেন। এর আগে তিনি সংস্কারকৃত ৪নং সদস্য ভবন প্রাঙ্গনে মীনা বাজারও উদ্বোধন করেন।
সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বক্তব্য রাখেন। আরো বক্তব্য রাখেন উম্মে কুলসুম স্মৃতি এমপি, কাজী নাবিল আহমেদ এমপি, শওকত হাসানুর রহমান রিমন এমপি। এছাড়াও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এর সচিব মোঃ শহীদ উল্লা খন্দকারও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

জাতীয় সংসদের উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়নে যথাযথ তত্ত্বাবধানের জন্য স্পিকার চিফ হুইপ এবং হুইপ ইকবালুর রহিমকে ধন্যবাদ প্রদান করেন। এছাড়াও তিনি গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গণপূর্ত সচিব, সংসদ সচিবসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। সদস্য ভবন প্রাঙ্গনে মীনা বাজার স্থাপনে সকল ধরণের সহযোগিতার জন্য কাজী নাবিল আহমেদকেও তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম এমপি, নাহিদ ইজাহার খান এমপি, বেগম আদিবা আনজুম মিতা এমপিসহ সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম