

স্টাফ রিপোর্টার: জুন মাসেই মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। বৃহস্পতিবার ঢাকায় মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী এম সারাভানানের সঙ্গে ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের’সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় খরচ এখনও নির্ধারণ না হলেও আগের চেয়ে কমবে বলেও জানান ইমরান আহমদ।
তিনি বলেন, আমরা আশা করছি, এই জুন মাসের ভেতরে মালয়েশিয়ায় মানুষ পাঠানোর ব্যবস্থা করে নিব।
প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, আমাদের এখানে ১ হাজার ৫২০টি রিক্রুটিং এজেন্সি আছে। আমরা এই রিক্রুটিং এজেন্টদের তালিকা তাদেরকে দেব। এখন কাদের মাধ্যমে কর্মী নেবে, এটা তারা নির্ধারণ করবে।
মালয়েশিয়ায় মোট কত কর্মী যেতে পারে, এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এমওইউতে পাঁচ বছরে ৫ লাখ কর্মী নেওয়ার কথা। এ বছরের মধ্যে ২ লাখ নেওয়ার কথা। আমাদের তো মনে হচ্ছে, এই বছরের মধ্যেই পাঁচ লাখ যাবে।
এমওইউ অনুযায়ী বাংলাদেশ প্রান্তের খরচ কর্মী দিলেও মালয়েশিয়া প্রান্তের সব খরচ ও বিমান ভাড়া নিয়োগকর্তাই বহন করার কথা এর আগে জানিয়েছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
কর্মীদের কত টাকা খরচ হতে পারে, সেই প্রশ্নের উত্তরে ইমরান আহমদ বলেন, আগেরবার কর্মী পাঠানোর সময় ১ লাখ ৬০ হাজার টাকা আমরা নির্ধারণ করেছিলাম। এবার সেটা থেকেও কমে আসবে। তবে কত কমে আসবে সেটা এখনও হিসাব করি নাই। তবে নিশ্চিতভাবে কমে আসবে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম