

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আজ বৃহস্পতিবার (২ জুন) ওয়াশিংটনে অর্থনৈতিক সংলাপ অনুষ্ঠিত হতে চলেছে।
ঢাকা-ওয়াশিংটনের মধ্যে এবার দ্বিতীয় দফায় এ সংলাপ শুরু হচ্ছে। এই সংলাপে উভয় পক্ষ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আলোচনায় বসছেন।
সংলাপে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
এতে আরও যোগ দেবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র বিভাগের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি এবং পরিবেশ বিষয়ক আন্ডার সেক্রেটারি হোসে ডাব্লিউ ফার্নান্দেজ।
এর আগে গত মাসে এই সংলাপের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। আবার উত্তর আমেরিকার দেশটি এ দেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক যেমন গভীর আবার কিছু বিষয় নিয়ে ভিন্নমত ও চ্যালেঞ্জ রয়েছে। এ বিষয়গুলো নিয়ে আগামী মাসে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনা হবে।’
সূত্র জানায়, সংলাপে বাংলাদেশের শ্রম বা ট্রেড ইউনিয়নের সমস্যা নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। এছাড়া বাংলাদেশে মার্কিন বিনিয়োগ আলোচনা তুলবে বাংলাদেশ।
এদিকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ অর্থনৈতিক কাঠামো (ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রোসপারিটি-আইপিইএফপি) সম্পর্কে আলোচনা তুলবে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র নতুন এই ফোরামে বাংলাদেশকে সহযোগী হিসেবে পেতে চাইছে।
দিনব্যাপী এ সংলাপে খাদ্য কৃষি সহায়তা, পোশাক শিল্প, জ্বালানি, ওষুধ, তথ্য-প্রযুক্তি, টেলিকম ইত্যাদি বিষয়ে আলোচনা হবে বলে বলে আশা করা হচ্ছে।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম