

যুক্তরাজ্য অফিস: টাওয়ার হ্যামলেটসের নবনির্বাচিত মেয়র লুৎফুর রহমান এবং তাঁর দল অ্যাসপায়ার এর নেতৃত্বে কাউন্সিলের যাত্রা শুরু হয়েছে।
২৫ মে বুধবার রাতে অনুষ্ঠিত কাউন্সিলের বার্ষিক সভায় নির্বাহী মেয়র এবং তাঁর কেবিনেট ও অন্যান্য কমিটির চেয়ার হিসেবে মনোনীতদের নাম অনুমোদন লাভ করে। সব পদেই অ্যাসপায়ার থেকে নির্বাচিত কাউন্সিলরদের নাম সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পায়।
নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন এ্যাসপায়ার এর কাউন্সিলর শাফি আহমদ। ডেপুটি স্পিকার হয়েছেন এ্যাসপায়ার এর কাউন্সিলর হারুন মিয়া। শাফি আহমদ হোয়াইটচ্যাপল ওয়ার্ড থেকে এবং হারুন মিয়া শেডওয়েল থেকে কাউন্সিলর নির্বাচিত হন। এদিকে ডেপুটি মেয়র পদে নিযুক্তি লাভ করেছেন ক্যানরিওয়ার্ফ থেকে নির্বাচিত কাউন্সিলর মাইয়ূম মিয়া তালুকদার।
নির্বাহী মেয়র লুৎফুর রহমানের নতুন কেবিনেটও বুধবারের কাউন্সিল মিটিংয়ে অনুমোদন লাভ করে। নতুন কেবিনেটে যারা রয়েছেন, তাঁরা হলেনঃ কাউন্সিলর মাইয়ূম মিয়া তালুকদার – ডেপুটি মেয়র এবং কেবিনেট মেম্বার ফর এডুকেশন এন্ড লাইফলং লার্নিং, কাউন্সিলর সাইয়েদ আহমদ – রিসোর্সেস এন্ড দ্যা কস্ট অব লিভিং, কাউন্সিলর কবির আহমদ – রিজেনারেশন, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এন্ড হাউজবিল্ডিং, কাউন্সিলর অহিদ আহমদ – সেইফার কমিউনিটিজ, কাউন্সিলর কবির হোসেন – এনভায়রনমেন্ট এন্ড দ্যা ক্লাইমেট ইমার্জেন্সি, কাউন্সিলর গোলাম কিবরিয়া চৌধুরী – হেলথ, ওয়েলবিয়িং এন্ড সোশ্যাল কেয়ার, কাউন্সিলর আবু তালহা চৌধুরী – জবস্, স্কিলস্ এন্ড গ্রোথ, কাউন্সিলর সুলুক আহমদ – ইক্যূয়েলিটিজ এন্ড সোশ্যাল ইনক্লুসন, কাউন্সিলর ইকবাল হোসেন – কালচার এন্ড রিক্রিয়েশন।

কাউন্সিলের বার্ষিক সভা শুরু হয় বিদায়ী স্পিকার আহবাব হোসেনের সভাপতিত্বে। শুরুতে সদ্য প্রয়াত ফ্রিম্যান অব দ্যা বারা, প্রখ্যাত সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। তিনি সভার কার্যক্রম শুরুর আগে তাঁর দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁকে সহযোগিতাকারী সকল স্তরের কর্মকর্তা ও কাউন্সিলরদের প্রতি কৃতজ্ঞতা জানান। এরপর নতুন মিউনিসিপ্যাল বছর ২০২২-২৩ এর জন্য অ্যাসপায়ার ও লেবার গ্রুপ থেকে দুই জন কাউন্সিলারের নাম স্পিকার হিসেবে প্রস্তাব করা হয়। তবে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলদের ভোটে স্পিকার নির্বাচিত হন অ্যাসপায়ার এর শাফি আহমদ।

এরপর নতুন স্পিকারের সভাপতিত্বে সভার বাকী অংশ পরিচালিত হয়। বিদায়ী স্পিকার মোহাম্মদ আহবাব হোসেনকে ফুলের তোড়া দিয়ে বিদায় জানান নির্বাহী মেয়র লুৎফুর রহমান এবং চীফ এক্সিকিউটিভ উইল টাকলি।