

স্টাফ রিপোর্টার: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা বর্ষীয়ান লেখক, বিশিষ্ট সাংবাদিক ও জনপ্রিয় কলামিস্ট এবং ইউ কে বিডি টিভি ডটকমের উপদেষ্টা আবদুল গাফফার চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১৯ মে) আনুমানিক সকাল ৭টায় যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ।
যুক্তরাজ্যপ্রবাসী স্বনামধন্য এ সাংবাদিক স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারের মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা।
আবদুল গাফ্ফার চৌধুরীর জন্ম ১৯৩৪ সালের ১২ ডিসেম্বরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি যুক্তরাজ্যের লন্ডনের মিডলসেক্সের এজোয়ারের মেথুইন রোডের ৫৬ নম্বর বাড়িতে স্থায়ীভাবে বসবাস করতেন।

বরেণ্য এই সাংবাদিক মাসিক সওগাত, দিলরুবা, মেঘনা, ইত্তেফাক, আজাদ, জেহাদ ও পূর্বদেশসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে সপরিবারে সীমান্ত পাড়ি দিয়ে আগরতলা হয়ে কলকাতা পৌঁছান। সেখানে মুজিবনগর সরকারের মুখপত্র সাপ্তাহিক জয়বাংলায় লেখালেখি করেন। এ সময় কলকাতায় আনন্দবাজার পত্রিকা ও যুগান্তরে কলামিস্ট হিসেবেও কাজ করেন। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দৈনিক জনপদ বের করেন।

১৯৭৩ সালে আবদুল গাফফার চৌধুরী বঙ্গবন্ধুর সঙ্গে আলজিয়ার্সে ৭২ জাতি জোট নিরপেক্ষ সম্মেলনে যান। দেশে ফেরার পর তার স্ত্রী গুরুতর অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য প্রথমে কলকাতা নিয়ে যান। সেখানে সুস্থ না হওয়ায় তাকে নিয়ে ১৯৭৪ সালের অক্টোবর মাসে লন্ডনে যান।

সাংবাদিকতার পাশাপাশি গল্প, উপন্যাস, স্মৃতিকথা, ছোটদের উপন্যাসও লিখেছেন তিনি। ‘চন্দ্রদ্বীপের উপাখ্যান’, ‘সম্রাটের ছবি’, ‘ধীরে বহে বুড়িগঙ্গা’, ‘বাঙালি না বাংলাদেশী’সহ তার প্রকাশিত গ্রন্থসংখ্যা প্রায় ৩০। এছাড়া তিনি কয়েকটি পূর্ণাঙ্গ নাটক লিখেছেন। এর মধ্যে আছে ‘পলাশী থেকে বাংলাদেশ’, ‘একজন তাহমিনা’ ও ‘রক্তাক্ত আগস্ট’।


তিনি আমৃত্যু ইউ কে বিডি টিভি ও ইউ কে বিডি টিভি ডটকমের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।উনার মৃত্যুতে ইউ কে বিডি টিভি পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইউ কে বিডি টিভির উপদেষ্ঠা যুক্তরাজ্য আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ শরীফ, ইউ কে বিডি টিভির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউ কে বিডি টিভির ব্যবস্থাপনা পরিচালক ও ইউ কে বিডি টিভি ডট কমের প্রধাণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ খায়রুল আলম লিংকন, ইউকে বিডি টিভি ডট কম এর সম্পাদক কাওছারুল আলম রিটন, নির্বাহী সম্পাদক কামরুল ইসলাম, ইউ কে বিডি টিভি ডটকমের বার্তা সম্পাদক শাহজাহান মিয়া সহ ইউ কে বিডি টিভি পরিবারের সকল উপদেষ্ঠা ও পরিচালকবৃন্দ।
ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম