বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

এনআইডি কার্ডের জন্য প্রবাসীদের নাম নিবন্ধন করতে হাইকমিশনারের আহ্বান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য  অফিস: লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এনআইডি কার্ডের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুক্তরাজ্য প্রবাসীরা যাতে এখানে বসেই তাদের এনআইডি কার্ড পেতে পারে সে লক্ষ্যে নির্বাচন কমিশনের সাথে তাঁর দফায় দফায় কথা চলছে ।

কমিশন যুক্তরাজ্য প্রবাসীদেরকে তাঁদের নাম রেজিস্ট্রি করতে আহবান জানিয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে ৬শত প্রবাসী তাদের নাম রেজিস্ট্রি করেছেন । যারা নাম রেজিস্ট্রি করবেন তাঁরাই সকলের আগে কার্ড পাবেন । নির্বাচন কমিশনের কর্মকর্তারা যুক্তরাজ্যে এসে লন্ডন, বার্মিংহ্যাম ও মানচেষ্টারে অস্থায়ী অফিস স্থাপন করে কার্ডগুলো প্রদান করবেন ।

তিনি বলেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে “অনলাইন রেজিস্ট্রেশন ফর এনআরবি” নামে একটি পোর্টাল আছে। প্রবাসীদের প্রতি আমাদের আহবান, আপনারা যত বেশি বেশি পারবেন পোর্টালে গিয়ে নাম নিবন্ধন করবেন। এতে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে। ডকুমেন্ট একবারে আপলোড করা সম্ভব না হলে সেগুলো সংগ্রহ করে আপলোড করবেন ।

সবগুলো ডকুমেন্ট আপলোড হয়ে গেলে তারা আপনাকে ভোটার হিসেবে রেজিস্ট্রি করে নেবে । আর রেজিস্ট্রি হয়ে গেলে নির্বাচন কমিশনের কর্মকর্তারা যখন যুক্তরাজ্যে আসবেন তখন আপনি অগ্রাধিকার ভিত্তিতে এনআইডি কার্ড পেয়ে যাবেন। এ ব্যাপারে হাইকমিশনের কনসুলার সেকশনে যোগাযোগ করলেও বিস্তারিত তথ্য জানিয়ে দেয়া হবে ।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে বাংলাদেশ হাইকমিশনের কনফারেন্স রুমে লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে হাইকমিশনার সাইদা মুনা তাসনিম উপরোক্ত আহবান জানান । হাইকমিশনার প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সম্মানে এই মতবিনিময় সভার আয়োজন করেন । তিনি সে সময় প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

হাইকমিশনার বলেন, ব্রিকলেনের ওয়েলফেয়ার সেন্টারটিতে একসময় কনস্যূলার সেবা দেয়া হতো । কিন্তু আজানা কারণে প্রায় ১০ বছর এই সার্ভিস বন্ধ ছিলো । তবে গত বছরের শেষ দিক থেকে আমরা আবারও সার্ভিস শুরু করেছি। গত নভেম্বর ও জানুয়ারিতে দুইটি কনসুলার ডে অনুষ্ঠিত হয়েছে ।

আগামী জুলাই মাসে আরো একটি সার্জারি অনুষ্ঠিত হবে। এই সার্ভিস আমরা অব্যাহত রাখবো । কনসুলার সার্ভিস শুরু করার পর ব্যাপক সাড়া মেলেছে। আমরা চাই কমিউনিটির মানুষের দোরগোড়ায় আমাদের সেবা পৌঁছে দিতে।

হাইকমিশনের পাসপোর্ট সেকশনকে আরো সম্প্রসারণ করে কীভাবে প্রবাসীদের জন্য সুযোগ সুবিধা বাড়ানো যায়-এমন প্রশ্নের জবাবে সাইদা মুনা তাসনিম বলেন, তিনি হাইকমিশনার নিযুক্ত হয়ে লন্ডন আসার দুইদিনের মাথায় হাইকমিশন ভবনের প্রতিটি বিভাগ সরেজমিন ঘুরে দেখেন।

গ্রাউন্ডফ্লোরের পাসপোর্ট সেকশনে গিয়ে দেখেন সেখানকার অবস্থা খুবই নাজুক। কনসুলার সেবা গ্রহণে প্রবাসী বাংলাদেশীদের যেমন কষ্ট হচ্ছে, তেমনী সেবাদাতা কর্মকর্তাদেরও অসুবিধা হচ্ছে। কারণ পাসপোর্ট সেকশনটি একেবারেই সংকীর্ণ এবং অপরিচ্ছন্ন। তাই তাৎক্ষনিকভাবে মন্ত্রনালয়ের সাথে কথা বলে বরাদ্দ এনে পাসপোর্ট সেকশনের আধুনিকায়নে কাজ করেন। এখন আগের চেয়ে অনেক স্বাচ্ছন্দে মানুষ সার্ভিস নিতে পারছে। তবে জায়গাটি সংকীর্ণ। এটি আরো সম্প্রসারিত হওয়া দরকার ।

তিনি বলেন, আমরা হাইকমিশন ভবনের লাগোয়া একটি নতুন প্রোপার্টি প্রায় ৩ মিলিয়ন পাউন্ড দিয়ে ক্রয় করে নিতে সক্ষম হয়েছি। সেখান থেকে এখন পাসপোর্ট ডেলিভারি দেয়া হয় । তাছাড়া যারা পাসপোর্ট কিংবা নো-ভিসার প্রয়োজনে আসেন তাদের জন্য নতুন প্রোপার্টিতে আমরা ওয়েটিং রুম রেখেছি । কাউকে এখন আর বাইরে লাইনে দাঁড়িয়ে মেঘ বৃষ্টি খেতে হচ্ছেনা। আমরা আমাদের সাধ্যমতো প্রবাসীদের সর্বোচ্চ সেবা প্রদানের চেষ্টা করছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট সাপ্তাহিক পত্রিকা সম্পাদক মুহাম্মদ এমদাদুল হক চৌধুরী, জেনারেল সেক্রেটারি ও সাপ্তাহিক দেশ সম্পাদক তাইসির মাহমুদ, ট্রেজারার সালেহ আহমদ, এসিসটেন্ট ট্রেজারার মোঃ আব্দুল কাইয়ূম, মিডিয়া এন্ড আইটি সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হান্নান, ইভেন্ট এন্ড ‌ফ্যাসিলিটিজ সেক্রেটারি রেজাউল করিম মৃধা, নির্বাহী সদস্য আহাদ চৌধুরী বাবু, নির্বাহী সদস্য সারওয়ার হোসাইন, নির্বাহী সদস্য শাহনাজ সুলতানা ও আলোকচিত্রী খালেদ হোসাইন।

হাইকমিশনের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস মিনস্টার আশিকুন্নবী চৌধুরী, মিনিস্টার কনসুলার মোঃ মঈন খান, কাউন্সিলর মৌমিতা জিনাত ও প্রেস উইংয়ের কর্মকর্তা আবুল কালাম আজাদ।

ইউকেবিডিটিভি/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102