মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু পরিবারের নাম ভাঙিয়ে কোটি টাকা আত্মসাত, গ্রেফতার ২

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৩৩৪ এই পর্যন্ত দেখেছেন
প্রতারক চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

স্টাফ  রিপোর্টার: বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও পরিচয় ভাঙিয়ে সরকারি বিভিন্ন উন্নয়ন ও নির্মাণ প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ঠিকাদারি ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মূলহোতা মনসুর আহমেদ এবং তার অন্যতম সহযোগীকে রাজধানীর পল্টন থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‍্যাব জানায়, নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমান করার জন্য তারা বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তোলা ছবি ভুক্তভোগী ঠিকাদারী প্রতিষ্ঠানকে দেখাতো।

মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে প্রতারক চক্রের মূলহোতা মনসুর আহমেদ ও মো. মহসিন চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৩। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন দলিল ও ডিজিটাল ফুটপ্রিন্ট জব্দ করা হয়।

বুধবার বেলা ১১ টায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রে ৫ থেকে ৭ জন সদস্য রয়েছে। চক্রের মূলহোতা মুনসুর। চক্রটি বিগত ৩ থেকে ৪ বছর ধরে বিভিন্ন প্রকল্পে কাজ পাইয়ে দেয়ার নাম করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রতারিত করে আসছে। প্রতারণার জন্য চক্রটি বিভিন্ন সময় নতুন নতুন কৌশল ব্যবহার করতো।

র‍্যাব জানায়, প্রথমত তারা নতুন মোবাইল সিম কিনে বঙ্গবন্ধু পরিবারের সদস্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামে সেভ করতো এবং নিজেরা ঐ ব্যক্তি সেজে প্রতারক চক্রের সদস্যদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাটিং করতো। চক্রের সদস্যদের বিভিন্ন মোবাইল নম্বর চক্রের মূলহোতা ও সহযোগীর মোবাইলে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নাম ও ছবি দিয়ে সেভ করা হতো।

চ্যাটিং কন্টেন্ট তারা এমনভাবে তৈরি করতো যা দেখে যেকোনো ঠিকাদারী প্রতিষ্ঠান মনে করতো যে তারা এর আগেও অর্থের বিনিময়ে অনেক কাজ পাইয়ে দিয়েছে এবং তাদের সাথে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের সু-সম্পর্ক রয়েছে।

র‍্যাব মুখপাত্র বলেন, সাইফুল নামে এই চক্রের এক সদস্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। যে নিজেকে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি পরিচয় দিতো এবং সেখানে বসে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিতো বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, সরকারি চলমান প্রকল্প সমূহের কাজ পাওয়ার যোগ্য এমন সব ঠিকাদারি প্রতিষ্ঠানকে খুঁজে বের করতো এবং তাদেরকে ১০% কমিশনের বিনিময়ে ঐ কাজ পাইয়ে দেয়ার প্রলোভন দেখাতো।

এছাড়া, বিশ্বাসযোগ্যতা প্রমানের জন্য বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের সাথে করা ভুয়া চুক্তিপত্র, ভুয়া ব্যাংক গ্যারান্টি প্রদর্শন করতো।

বর্তমানে প্রতারক চক্রটি তিতাস নদী ড্রেজিং, আড়িয়াল খাঁ নদী ড্রেজিং ও নদীর তীর রক্ষা বাধ প্রকল্প, ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশনের ড্রেনের সংস্কার কাজ, রাজধানীর বিভিন্ন সরকারি অফিস ও বিশ্ববিদ্যালয়ের কনস্ট্রাকশনের কাজসহ প্রভৃতি উন্নয়নমূলক প্রকল্পের কাজ পাইয়ে দেয়ার নামে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে প্রতারণার পরিকল্পনা করছিলো।

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102