শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন

বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন: ফখরুলকে ওবায়দুল কাদের

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ১৬ মে, ২০২২
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তথ্য-প্রমাণ দিয়ে কথা বলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি ভালো নয়, ইতিহাস থেকে শিক্ষা নিন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার (১৬ মে) সকালে মেহেরপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তার রাজধানীর বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে এখন থেকেই সুসংগঠিত, স্মার্ট রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলে আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে অংশগ্রহণের প্রস্তুতি নিতে হবে।

অর্থ পাচারকারী আওয়ামী লীগ নেতাদের নামের তালিকা প্রচার করতে সম্প্রতি বিএনপি মহাসচিবের বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে মির্জা ফখরুলের উদ্দেশে বলেন, অর্থ পাচারকারীর নামের তালিকা যদি প্রচার করতেই হয়, তাহলে সবার আগে আপনাদের দলের দণ্ডিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম চলে আসবে।

পি কে হালদারের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি আওয়ামী লীগের কেউ নয়। তবুও তিনি অর্থ পাচারকারী হিসেবে চিহ্নিত। তার বিচারপ্রক্রিয়া আইনের মাধ্যমে হবে।

চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি এবং সন্ত্রাসের সাথে জড়িত তাদের স্থান কোনোভাবেই আওয়ামী লীগে হবে না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভালো লোক ও ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে। পকেট ভারী করার জন্য খারাপ লোকদের দলে না টানতে নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেরপুরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতার দাপট দেখাবেন না, ক্ষমতা চিরকাল থাকবে না। ওবায়দুল কাদের আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশে এসেছিলেন বলেই পদ্মা সেতু আজ দৃশ্যমান, আগামী মাসেই এই সেতুর উদ্বোধন করা হবে।

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল আলম মিলন, অ্যাডভোকেট গ্লোরিয়া সরকার ঝর্ণা, পারভীন জামান কল্পনা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102