

আদালত রিপোর্টার: হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর থেকে পলাতক পিকে হালদারকে গ্রেফতার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত বলে মন্তব্য করেছেন উচ্চ আদালত।
সোমবার (১৬ মে) ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন পিকে হালদারের গ্রেফতারের বিষয়টি আদালতের নজরে আনলে বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
একইসাথে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা সংক্রান্ত রিট মামলার শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আদালত। আদালত বলেন, মানি লন্ডারিং গুরুতর অপরাধ। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের মেসেজ ক্লিয়ার। দুর্নীতি ও অর্থ পাচারের অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। কাউকে ছাড় দেয়া হবে না, সে যেই হোক। আমরা এ ব্যাপারে সিরিয়াস।
প্রসঙ্গত, গত ১৩ মে এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদার ও তার কয়েক সহযোগীকে গ্রেফতার করে ভারতের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি)। পরের দিন আদালতের মাধ্যমে তাদেরকে তিনদিনের রিমান্ডে নেয়া হয়।
তাকে গ্রেফতারের পর ইডি সাংবাদিকদের জানায়, বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে পালিয়ে যাওয়ার পর ভারতীয় নাগরিকের সনদ যোগাড় করেন তিনি। তৈরি করেন নকল ভোটার আইডি কার্ড অন্যান্য কাগজাদিও।