শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

জন্মজয়ন্তীতে বিশ্বকবিগুরুর স্মৃতিধন্য পতিসরে রবীন্দ্রভক্তের ঢল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ  রিপোর্টার: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী আজ ২৫ বৈশাখ। করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকার পর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে কবিগুরুর নিজস্ব জমিদারি তার স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসর কাছারী বাড়ি প্রাঙ্গণে নামে রবীন্দ্রভক্তের ঢল।

কবিতা, গান, নাটক ও আলোচনা সভার আয়োজন ছাড়াও কবিগুরুর স্মৃতিধন্য পতিসরে সকাল থেকে গ্রামীণ মেলার আয়োজন করা হয়। মেলায় শিশু-কিশোররাসহ বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে। সকাল ১০টায় পতিসর রবীন্দ্র কাছারী বাড়ি প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে কবিগুরুর ১৬১তম জন্মোৎসবের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানের প্রথম পর্বে কাচারিবাড়ি চত্বরে রাজশাহী চারুকলা বিভাগের শিক্ষার্থী ও নওগাঁ শিল্পকলা একাডেমির শিল্পীদের অংশগ্রহণে ‘রং তুলিতে রবীন্দ্রনাথ’ চিত্র প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ ছলিম উদ্দিন তরফদার ও আনোয়ার হোসেন, নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

দেবেন্দ্র মঞ্চে ‘মানবতার সংকট ও রবীন্দ্রনাথ’ শীর্ষক স্মারক আলোচনা অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশেষজ্ঞ রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. আশরাফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি ড. পিএম শফিকুল ইসলাম, রাজশাহী বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক আলী রেজা আব্দুল মজিদ ও নওগাঁ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আলম।

এসময় প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন দিকপাল। বাঙালি জীবনে নানা অনুষঙ্গে রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক। বাঙালি জীবনের যত বৈচিত্র রয়েছে তার পুরোটায় উঠে এসেছে কবিগুরুর কবিতা, গান, গল্প, প্রবন্ধ ও উপন্যাসে।

তিনি বলেন, মানবতার সংকট থেকে উত্তরণে কবিগুরু তার লিখনিতে নির্দেশনা দিয়ে গেছেন। রবীন্দ্র সাহিত্য চর্চা করলে মানবজীবনের নানা সংকট থেকে উত্তরণ সম্ভব।

কবির এই জন্মবার্ষিকীতে পতিসরে নামে রবীন্দ্রভক্তের ঢল। পরিণত হয় মানুষের মহামিলন মেলায়।সরকারিভাবে একদিনের কর্মসূচি নিলেও এ মিলনমেলা চলে প্রায় পুড়ো সপ্তাহজুড়ে। দূর-দূরান্ত থেকে কবিভক্তরা ছুটে আসেন তাদের প্রিয় কবির পতিসর কাছারি বাড়ি প্রাঙ্গণে। একে অপরের সান্নিধ্যে এসে স্মৃতিচারণে লিপ্ত হন কবিভক্তরা।

ইউকেবিডিটিভি/বিডি/এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102