বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

পাকিস্তানের রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন
পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল।

আন্তর্জাতিক ডেস্ক:  পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বান্দিয়াল মঙ্গলবার বলেছেন, সুপ্রিম কোর্ট রাষ্ট্রীয় বিষয় ও পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করবে না। তবে জাতীয় পরিষদের (এনএ) বৈধতার বিষয়টি খতিয়ে দেখবে। মঙ্গলবার পাকিস্তানের দ্য ডন অনলাইন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের জাতীয় পরিষদে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা ছিল গত রোববার।

পাকিস্তানের গণমাধ্যমটি জানায়, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে ওঠা অনাস্থা প্রস্তাব নিয়ে পার্লামেন্টের কার্যবিবরণীর নথি চেয়েছে সুপ্রিম কোর্ট।

ডেপুটি স্পিকার কাসিম সুরি পার্লামেন্টে উত্থাপিত অনাস্থা প্রস্তাব যেভাবে বাতিল করেছেন তার বৈধতা নিয়ে মঙ্গলবার শুরু হওয়া শুনানিতে দেশটির সর্বোচ্চ আদালত ওই নথি তলব করেছে।

পাকিস্তানের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে ৫ সদস্যের একটি বেঞ্চ এ শুনানির যুক্তিতর্ক শুনছেন।

‘এই ইস্যুতে যৌক্তিক আদেশ’ দেয়া হবে বলে সোমবার বলেছিলেন বান্দিয়াল; তবে সেদিন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও অন্যান্য বিরোধীদলের আইনজীবী ফারুক এইচ নায়েকের যুক্তি শুনে শুনানি মুলতুবি করে দেয়া হয়।

মঙ্গলবারের শুনানিতে পিপিপির সেনেটর রেজা রাব্বানি আদালতকে পার্লামেন্টের কার্যপ্রণালীর ‘দায়মুক্তির’ আওতা পরীক্ষা করে দেখতে বলেন। তিনি বলেন, ‘যা হয়েছে তাকে কেবল বেসামরিক মার্শাল ল’ই অ্যাখ্যা দেয়া যায়।’

রোববার ডেপুটি স্পিকার কাসিম সুরি অনাস্থা প্রস্তাব বাতিলের যে ঘোষণা দিয়েছিলেন তিনি তাকে ‘অবৈধ’ অ্যাখ্যা দিয়ে বলেন, কোনো সিদ্ধান্তই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে না।

পাকিস্তানের সংবিধানের ধারা ৯৫ কে উদ্ধৃত করে রাব্বানি বলেন, ‘অনাস্থা প্রস্তাব ভোটে না দিয়ে বাতিল করা যায় না। তিনি বলেন, অনাস্থা প্রস্তাবকে খাটো করতে উদ্দেশ্যপ্রণোদিত বিদেশি চক্রান্তের কথা তোলা হয়েছে।

রাব্বানি বলেন, ন্যাশনাল অ্যাসেম্বলির অধিবেশেন ২১ মার্চ শুরু হয়েছিল এবং প্রয়াত এক আইনপ্রণেতার জন্য দোয়া শেষে মুলতুবি করে দেয়া হয়েছিল, অতীতে কখনোই এমনটা হয়নি।

এ সেনেটর বলেন, রোববার পার্লামেন্টের অধিবেশনে ফাওয়াদ চৌধুরী পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওই চিঠি ও বিদেশি চক্রান্তের কথা উল্লেখ করেন, অথচ সেদিনের আলোচ্যসূচিতে এ বিষয় ছিলই না।

তিনি বলেন, ডেপুটি স্পিকার যেভাবে প্রমাণ ছাড়াই বিরোধীদলীয় আইনপ্রণেতাদের ‘বিশ্বাসঘাতক’ অ্যাখ্যায়িত করেছেন তা ঠিক হয়নি।

বিরোধীরা পার্লামেন্টের স্পিকার আসাদ কাইজারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল, যা স্পিকারের ক্ষমতা খর্ব করেছিল; অনাস্থা প্রস্তাবের কার্যক্রম চলাকালে পার্লামেন্ট ভেঙে দেয়া যায় না বলেও মত তার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102