

স্টাফ রিপোর্টার: অলাভজনক জেনেও শুধুমাত্র বেগম পাড়ার যাতায়াতকারীদের জন্যই অর্থ পাঁচার করতে ঢাকা-কানাডার ফ্লাইট চালু করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এ্যাব আয়োজিত আওয়ামী লীগের অপশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊধর্বগতি শীর্ষক এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।
ঢাকা থেকে টরেন্টো (কানাডা) সরাসরি ফ্লাইট করেছে, একটা ট্রায়াল ফ্লাইট হয়েছে এখন চালু করবে উল্লেখ করে তিনি বলেন, গতকালই বিমানের যারা কর্মকর্তা আছেন তারা বলছেন যে, এই ফ্লাইটটা কেনো করা হলো আমরা জানি না। কারণ এটা কোনো মতেই ভায়াবেল ফ্লাইট নয়। করা হয়েছে একটা কারণেই। বেগম পাড়াতে যারা যাতায়াত করেন তাদের সুবিধার জন্য অথবা সরাসরি এখান (বাংলাদেশ) থেকে পাঁচার করার জন্য, সুটকেইসে ভরে, ট্রাংকে ভরে পাঁচার করার জন্য।
পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, গত পরশু পুলিশের একটা অনুষ্ঠানে পুলিশের আইজি ও পুলিশ কমিশনার কিছু কথা বলেছেন- আমরা বিস্মিত হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। কি করে সরকারি কর্মকর্তা হয়ে তারা এই ধরনের সম্পূর্ণভাবে রাজনৈতিক অশালীন এবং শিষ্টাচার বর্হিভূত কথা বলতে পারেন। এটা আমরা চিন্তা করতে পারি না। এই জায়গায় নিয়ে এসেছে আওয়ামী লীগ সরকারকে।
তিনি বলেন, একজন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী , যিনি দীর্ঘ ৪০ বছর ধরে রাজনীতির মধ্যে, এখনো গণতন্ত্রের জন্য গৃহবন্দি হয়ে আছেন। তার সম্পর্কে এই ধরনের অশালীন উক্তি করতে পারে- এটা আমরা ভাবতেও পারি না। আমি ভাবতে পারি না- এরা শিক্ষিত মানুষ, এভাবে চাকরি করেন, বড় পদে আছেন তাদের মুখ থেকে যখন এই ধরনের কথা আসে তখন সেই চাকরি সম্পর্কে, সেই সরকার সম্পর্কে তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হয়।
আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনহ আখতার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় সভায় পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, কাদের গনি চৌধুরী, আশরাফ উদ্দিন বকুল, রফিকুল ইসলাম, আবদুল হালিম প্রমুখ বক্তব্য রাখেন।