

ইউকেবিডি ডেস্ক: আজ দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।এ ছাড়া সিলেট চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পরবর্তী তিন দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে, যা ৭২ ঘণ্টায় সামান্য পরিবর্তন হতে পারে।আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী ও পাবনা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এ ছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ সকাল থেকে ঢাকায় দক্ষিণ-পশ্চিম অথবা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।