

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের একটা কেমিস্ট্রি আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আমি হালকা করে বলি, আওয়ামী লীগের একটা কেমেস্ট্রি আছে যেটাকে বলা হয়, রসায়ন। রসায়নটা হচ্ছে কী যে, ফার্সিদের বলা হয় ‘আনচু ডিজাবেস্ট’, মানে আমি ছাড়া আর কেউ নেই। এক মেগো অদ্বিতীয়া। এটাই সমস্যা তাদের।
শুক্রবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন ফখরুল এসব কথা বলেন।
তিনি বলেন, তারা (সরকার) কতগুলো প্রোগ্রামে স্বাধীনতা যুদ্ধ-মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসেছে। মুক্তিযুদ্ধে যারা সেদিন নেতৃত্ব দিয়েছিলেন প্রবাসী সরকার, এমএজি ওসমানি সাহেব ক‘বার তাদের নাম উচ্চারণ করা হয়েছে, সেক্টার কমান্ডারদের নাম ক‘বার করা হয়েছে, তাজউদ্দিন সাহেবের (তাজউদ্দিন আহমেদ) নাম ক‘বার উচ্চারণ করা হয়েছে- আপনারা নিজেরাই তো বুঝবেন।
‘স্বাধীনতা যুদ্ধ কোথায় গেল? এখানে তো একজন ব্যক্তির ব্যাপারটা এসে যাচ্ছে সামনে। ‘
মির্জা ফখরুল বলেন, আমরা চতুর্দিক থেকে জাতিগতভাবে খুব বিপদজনক অবস্থায় পড়ে আছি। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে আমাদের যে লক্ষ্য ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা সেটাই আজকে সবচেয়ে বিপদের সম্মুখীন হয়েছে। দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। সারা বিশ্বে আমরা চিহ্নিত হয়েছি মানবাধিকার লঙ্ঘনকারী একটা দেশ হিসেবে।
দেশে গণতন্ত্রের বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে। এটাকে বলা হয় যে, বার্জিং মানে রাজনীতিকে নির্মূল করে দেওয়া, বিএনপিকে নির্মূল করে দেওয়ার চক্রান্ত-ষড়যন্ত্র করছে তারা (সরকার)।
সংবাদ সম্মেলনে বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক খন্দকার মোশাররফ হোসেন ও সদস্য সচিব আবদুস সালাম উপস্থিত ছিলেন।