সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

উন্নয়নের কারণে দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে: পরিকল্পনামন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশে এখন দুর্নীতি আঠার মতো লেগে আছে। দেশে উন্নয়ন কাজের জন্যই এমনটা হচ্ছে। একদিকে উন্নয়ন হচ্ছে, অন্য দিকে দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

রাজধানীর ওয়েস্টিন হোটেলে বুধবার সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি আয়োজিত ‘পরবর্তী উন্নয়ন যাত্রায় বাংলাদেশ জাপানের অংশীদারিত্ব’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, ‘উন্নয়ন ও বিনিয়োগের ক্ষেত্রে অনেকগুলো নেতিবাচক দিক আছে যেগুলো আমাদের ভুলে গেলে চলবে না। দেশে দুর্নীতির সমস্যা অস্বীকার করার উপায় নেই। এটি ক্যানসারের মতো, আমরা এটা জানি, এটা দূর করার চেষ্টা করছি। এটা আঠার মতো।’

দেশে দুর্নীতি প্রতিকারেও আইন রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এখন দেশে প্রচুর উন্নয়ন কাজ হচ্ছে। এতে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সুযোগও তৈরি হচ্ছে। কোথাও দুর্নীতি হলে সেখানে আমরা প্রতিকার ব্যবস্থা করি, এ ক্ষেত্রে প্রচলিত আইন অনুসারে কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হয়। তাই এতে অনেক সময় পার হয়।’

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ইজ অফ ডুইং বিজনেসের ক্ষেত্রে সমস্যা আছে। এ সমস্যাগুলো ডেস্ক লেভেল থেকে শুরু হয়ে উচ্চ পর্যায় পর্যন্ত আছে। আমরা বিভিন্ন ক্ষেত্রে কাজগুলো আরও দ্রুত করার চেষ্টা করছি। প্রধানমন্ত্রী এ বিষয়ে শক্ত নির্দেশনা দিয়েছেন। সরকার এ সমস্যাগুলো সমাধানে কাজও করছে।’

তিনি বলেন, ‘সরকার জাপানকে উচ্চ মর্যাদা দেয়। তাদের সঙ্গে ৫০ বছরের বন্ধুত্ব।এ সম্পর্ক পরের ৫০ বছরে আরও শক্ত করতে চায় সরকার। সাংস্কৃতিক ও মানসিকভাবে জাপানের সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত। মুক্তিযুদ্ধের পর থেকেই জাপান দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে।

‘দেশের সব জায়গায় জাপানী বিনিয়োগের পদচিহ্ন রয়েছে। মাতারবাড়ি, মেট্রোরেল, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চল সবক্ষেত্রেই জাপান কাজ করছে। চলমান এসব কাজ শেষ হলে দেশের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে।’ অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকিও বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে জাপানি বিনিয়োগ প্রতি বছর বাড়ছে। গত ১০ বছরে বিনিয়োগ বেড়েছে ৩ গুনের বেশি। সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, অনেক জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা করতে চায়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান, সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক শাহিদা খাতুন।

বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বাংলাদেশের জাইকা প্রধানসহ দেশী-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিরা।

অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষক সৈয়দ ইউসুফ।তিনি বলেন, জাপান বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগের বড় অংশীদার হতে পারে। জাপানে পণ্য রপ্তানির সম্ভাবনা যেমন রয়েছে, তেমনি জনশক্তি রপ্তানির সম্ভাবনাও রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102