

আন্তর্জাতিক ডেস্ক: রুশ ক্ষেপণাস্ত্রের হামলায় কাঁপলো ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে শহরটি প্রশাসনিক ভবনের সামনে এ বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। আহত হয়েছেন আরও ২০ জন।
শহরটির কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার বিবিসি এ খবর জানায়। নিহতদের মধ্যে ভারতের উত্তর কর্ণাটকের এক শিক্ষার্থীও রয়েছেন।
ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তার একটু পরই একাধিক মৃত্যুর খবর দিয়েছে ইউক্রেন প্রশাসন। তাদের দাবি, চারদিক থেকে ইউক্রেনকে আক্রমণ করা রুশ সেনার লক্ষ্য এখন দেশের প্রশাসনিক ভবনগুলো। একে একে সরকারি ভবনে হামলা করতে করতে এগিয়ে যাচ্ছে তারা।

আনন্দবাজার অনলাইন জানায়, ভারতীয় শিক্ষার্থী নিহত হওয়ার কথা নিশ্চিত করেছেন তার এক বন্ধু। তিনি জানান, খাবার আনতে বেরিয়েছিল তার বন্ধু। বাকিরা হোস্টেলে থাকলেও নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর নামেও ওই শিক্ষার্থী ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ওই ফ্ল্যাটটি ঠিক গভর্নর হাউসের পেছনে। সেখানেই হামলা করেছে রুশ সেনা।