সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

প্রাক-বাজেট আলোচনায় বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে করপোরেট কর কমানোর প্রস্তাব

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৪২ এই পর্যন্ত দেখেছেন

অর্থনৈতিক ডেস্ক: কর আহরণের নতুন খাত খুঁজে বের করা, স্বয়ংক্রিয় পদ্ধতিতে কর আদায়ের ব্যবস্থা করা, করদাতা ও কর সংগ্রহকারীদের মধ্যে দূরত্ব কমানো, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করার জন্য করপোরেট কর হার কিছুটা কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে দেশের অর্থনীতিবিদ ও পেশাজীবিরা।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় এসব প্রস্তাবের পাশাপাশি করের আওতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব বাড়িয়ে লক্ষ্যমাত্রা অর্জন করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা।

এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিকের সভাপতিত্বে আলোচনায় এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানা, সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। আলোচনায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআরআইবি), বাংলাদেশ অর্থনীতি সমিতি, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি), প্রাইস ওয়াটারহাউজ কুপারস (পিডব্লিউসি) এবং স্নেহাশীষ মাহবুব অ্যান্ড কোং এর প্রতিনিধিরা অংশ নেন।

এসময় পিআরআই এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ স্বল্পোন্নাত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হতে যাচ্ছে। এলডিসি থেকে বের হওয়ার পর রপ্তানিতে অনেক সুযোগ-সুবিধা আমরা হারাবো। সেই সময়ে আমাদের ব্যবসায়ীদের কর সুবিধা দিয়ে টিকিয়ে রাখতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এখন থেকেই প্রস্তুতি হতে হবে।

বাংলাদেশের করপোরেট কর হার প্রতিযোগি দেশের তুলনায় অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, কর হার কমিয়ে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে হবে।

বাংলাদেশে জিডিপির অনুপাতে রাজস্ব হার ১০ শতাংশের নিচে উল্লেখ করে তিনি বলেন, কর অনুপাতে জিডিপির হারে অন্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে। আওতা বাড়িয়ে রাজস্ব আদায় বাড়াতে হবে।

ব্যবসায়ীদের করপোরেট কর হার কমানোর দাবিকে যৌক্তিক বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, করদাতা এবং কর সংগ্রহকারীর মধ্যে দূরত্ব কমাতে হবে। কারণ করদাতা যদি মনে করে যে কর দিতে তার দূরে যেতে হবে, তাহলে তিনি কর দিতে উৎসাহ পাবেন না। বরং করাদাতা যেখানে থাকেন সেখান থেকেই যদি কর পরিশোধ করার সিস্টেম থাকে তাহলে করাদাতা কর দিতে উৎসাহিত হবেন। আলোচনায় রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় যথাযথ স্থানে লোকবল নিয়োগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আলোচনায় অর্থনীতি সমিতির সদস্য জামাল উদ্দিন আহমেদ বলেন, ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর লাইসেন্স নবায়ন ফি পর্যন্ত নেওয়া হয় না। এসব কোম্পানি ইস্টইন্ডিয়া কোম্পানির কাছে ফি দেওয়ার পর আর নবায়ন ফি দিয়েছে বলে আমার মনে নেই। তিনি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ওপর টার্নওভার কর বসানোর পরামর্শ দেন।

সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে কোনোভাইে সংকোচনমূলক না করে বরং সম্প্রসারণশীল ও বৃহদাকারভাবে প্রণয়ন করতে হবে।

পিডাব্লিউসি’র ম্যানেজিং পার্টনার মামুন রশিদ বলেন, আন্তর্জাতিক পরামর্শক সংস্থার কাছ থেকে ৪৩ দশমিক ৭৫ শতাংশ হারে কর নেওয়া হচ্ছে। এতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসার উৎসাহ হারাচ্ছে। এই কর কমাতে হবে।

বাজেট আলোচনায় স্নেহাশিষ মাহমুদ কোম্পানির প্রতিনিধি স্নেহাশিষ বড়ুয়া বলেন, দেশের সিটি করপোরেশনগুলোতে হোল্ডিং ট্যাক্সের সঙ্গে টিআইএন বাধ্যতামূলক করা দরকার। টিআইএন বাধ্যতামূলক হলে কর আহরণ বাড়বে।

সিপিডি প্রতিনিধি সৈয়দ ইউসুফ সাদাত আগামী বাজেটে তামাকের ওপর কর স্ল্যাব না করে শলাকা হিসাবে কর বসানোর প্রস্তাব করেন। তিনি বলেন, বর্তমানে চারটি স্ল্যাব করে কর বসানো হচ্ছে। প্রতিবছর তামাক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে, কোম্পানির লাভ বেশি হচ্ছে। কিন্তু তামাক ব্যবহার কমানোর যে উদ্দেশ্য সেটা পূরণ হচ্ছে না। প্রতি শলাকায় ১০ টাকা হারে কর বসানোর পরামর্শ দেন তিনি। এসময় তিনি নিত্যপণ্যে ওপর কর ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করেন।

সিপিডির আরেক প্রতিনিধি মুনতাসির কামাল বলেন, অপ্রদর্শিত আয় বৈধ করা নীতিগতভাবে অসমর্থনযোগ্য। এটা তুলে নেওয়ার প্রস্তাব করেন তিনি।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থার (বিআইডিএস) প্রতিনিধি বাজেট প্রস্তাবনায় বলেন, ৭০ লাখ টিআইএন ধারী হলেও কর দিচ্ছেন মাত্র ২৪ লাখের মতো। বাকিরা কেন কর দিচ্ছেন না তা নিয়ে গবেষণা করতে হবে। এসময় তিনি কর আহরণ ব্যবস্থাপনা যতাসম্ভব সহজ করার পরামর্শ দেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102