

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: লাইসেন্স না থাকা ও সরকারি অধ্যাদেশ লঙ্ঘন করায় ফরিদপুর শহরের আরামবাগ হাসপাতাল ও নিউলাইফ জেনারেল হাসপাতাল নামে দুটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দিয়েছে প্রশাসন।
প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টা থেকে আরামবাগ হাসপাতাল এবং সাড়ে ১২টা থেকে নিউলাইফ জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশনা কার্যকর হয়।
বৃহস্পতিবার রাতে ওই দুই হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পর এ নির্দেশনা দেয়া হলো।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম রাজীব। এ সময় সেখানে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ফাতেমা বেগম উপস্থিত ছিলেন।
জানা যায়, মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ ১৯৮২ অনুযায়ী পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ওই দুই হাসপাতালের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, লাইসেন্স ছাড়াই নিউলাইফ হাসপাতালটি পরিচালিত হয়ে আসছিল। অন্যদিকে আরামবাগ হাসপাতালে নির্ধারিতসংখ্যক চিকিৎসক ও সেবিকা নেই। এটা মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশের পরিপন্থী। তাই হাসপাতাল দুটি বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে। সেখানে ভর্তি থাকা রোগীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে আজ শুক্রবার দুপুর পর্যন্ত সময় দেয়া হয়েছে।