

স্টাফ রিপোর্টার: দেশকে সরকার গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
শনিবার ময়মনসিংহের হালুয়াঘাটে পুরাতন বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।
সরকার ভোটাধিকারসহ মানবাধিকার হরণ করে রাষ্ট্রের মৌলিক চরিত্র গুম করেছে মন্তব্য করে তিনি বলেন ক্ষমতাসীনরা দেশকে গভীর অন্ধকারে নিয়ে যাচ্ছে। নিজেদের অবৈধ ও অনৈতিক শাসন দীর্ঘায়িত করতে ফ্যাসিবাদ কায়েম করে গুম এবং খুনসহ নৈরাজ্য সৃষ্টি করেছে। এ অবস্থা অনন্তকাল ধরে চলতে পারে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রিন্স।
আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে জনগণ অতিষ্ঠ মন্তব্য করে এমরান সালেহ প্রিন্স বলেন, আওয়ামী সরকার সুশাসনকে কবরস্থ করে দুঃশাসন কায়েম করেছে। যেখানে স্বচ্ছতা, নিয়ম ও নৈতিকতার বালাই নাই। আছে শুধু নৈরাজ্য, গুম ,খুন, অধিকার হরণ, দুর্নীতি, লুটপাট, ছিনতাই ও চাঁদাবাজী।
এসময় ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে আনতে নেতাকর্মীদের প্রতি সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানান প্রিন্স।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে সভায় বিএনপি নেতা আলী আশরাফ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান, উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান আসিফ, হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান, জেলা যুবদলের নেতা হুমায়ুন কবির, আবদুল মালেক সোহান, সোহেল আজাদ, মোতালেব হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুর আরেফীন পাপন, কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, জাসাস সভাপতি শফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মশিউজ্জামান, তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান দুলাল, পৌর ছাত্রদলের সদস্য সচিব তাজবীর হোসেন অন্তর, ছাত্রদল নেতা এম বি রায়হান প্রমুখ বক্তব্য রাখেন।