

ফরিদ আহমেদ পাটোয়ারি, পর্তুগাল থেকে: সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সঙ্গে স্পেন প্রবাসীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারি সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষের সঙ্গে ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের নেতৃত্বে স্পেন প্রবাসীদের একটি প্রতিনিধি দল প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং ভোগান্তি নিরসন বিষয়ে বাংলাদেশ পুলিশের সহযোগিতা চেয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
স্পেনসহ ইউরোপ তথা সব প্রবাসী বাংলাদেষির পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তিসহ বিভিন্ন সমস্যা সংক্রান্ত বিষয়ে এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে উপস্থিত প্রত্যেকেই তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
এ সময় তারা সিলেটসহ বাংলাদেশের সব প্রবাসীর স্থাবর-অস্থাবর সম্পত্তি ও বসতবাড়ির নিরাপত্তা নিশ্চিত করা এমনকি যাতে দেশে এসে প্রবাসীরা যেন কোনো প্রকার হয়রানির শিকার না হতে হয়- এ ব্যাপারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেন।
মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের জানমাল এবং সম্পত্তি রক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত কোনো অভিযোগ পেলেই পুলিশ বাহিনী দ্রুত ব্যবস্থা নিচ্ছে।
সভায় স্পেন প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্য কবির আল মাহমুদ, স্পেন প্রবাসী ইমরান আহমদ খান, পাবেল বকশী, তানিম আহমদ, নিজাম উদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের গোলাপগঞ্জ প্রতিনিধি রতন মনি চন্দ, সিলেট জেলা যুবলীগ নেতা ফরিদ আহমদ, মহানগর ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাপ্পী, আমাল মালিক ফাহিম, তানভীর আহমদসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।