

সচিবালয় প্রতিনিধি: সংসদ সদস্যদের ওপর নির্বাচন কমিশনের বিধিনিষেধ বৈষম্যমূলক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরের দিকে রাজধানীর মিন্টু রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দেখলাম কিছু গণমাধ্যমে শামীম ওসমান নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছেন বলে সংবাদ প্রচার করছে। নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধিতে বলা হয়েছে যে, সংসদ সদস্যরা কোনো স্থানীয় নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আশেপাশে কোনো দেশেই এ ধরনের আচরণবিধি নেই, ইউরোপেও এ ধরনের বিধিনিষেধ নেই। মন্ত্রী এবং সংসদ সদস্যরা অন্য দেশে তাদের প্রটোকল বাদ দিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন।
তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে মন্ত্রীরা এমনকি মুখ্যমন্ত্রীরাও নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন। সেক্ষেত্রে শুধু প্রটোকল ও সুযোগ-সুবিধা বাদ দিতে হয়। সংসদ সদস্যদের ওপর নির্বাচন কমিশনের এ ধরনের বিধিনিষেধ বৈষম্যমূলক। ২০১৫ সালেও এ বিধিনিষেধ ছিল না। অনেকেই বলছেন যে এই বিধিনিষেধ অগণতান্ত্রিক। আমাদের দলের পক্ষ থেকে এ বিষয়টি বেশ কয়েকবার নির্বাচন কমিশনের নজরে আনা হয়েছে এবং কয়েকটি বৈঠকে আমি নিজেও ছিলাম। সেখানে এ বিষয়গুলো উপস্থাপন করা হয়েছিল।
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমানের নৌকার পক্ষে কাজ করার ঘোষণাকে সমর্থন করে তিনি বলেন, নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ঘোষণা দিয়েছেন তিনি নৌকার পক্ষে কাজ করবেন। আমি মনে করি এটি সঠিক সিদ্ধান্ত।