

নাটোর সংবাদদাতা: সোমবার(১০ জানুয়ারী) নাটোর পুলিশ লাইন্সের ড্রিল হাউজে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বনলতা সেনের স্মৃতি বিজারিত সেই কাঁচা গোল্লার সুমিষ্ট রসে ভরা এবং রানী ভবানীর মাটিতে পৌষের মিষ্টি রোদমাখা অপরাহ্নে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে সেই নাটোরে।
পিঠা উৎসবের উদ্বোধন করে পুলিশ নারী কল্যাণ সমিতি নাটোর জেলা কমিটির সভানেত্রী সুমনা সাহা বলেন, আবহমান বাঙ্গালি সংস্কৃতির প্রাণের উৎসব হচ্ছে পিঠা উৎসব।
পিঠা ছাড়া মিষ্টি শীতের আমেজ অনুভব করা সম্ভব নয়। পিঠা এখন আর শুধু গ্রামীণ জনপদের আয়োজন নয়,শহরের মানুষের সংস্কৃতিতে পিঠা এখন অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে।
উক্ত পিঠা উৎসবে ভাপা, পাটিসাপটা,কুশলী,রসপিঠা, চিতই, চিকেন সামুচাসহ ১৫ প্রকার পিঠা প্রদর্শন করা হয়। পরে সমবেত অতিথিবৃন্দকে পিঠা পরিবেশন করা হয়।
পিঠা উৎসবে নাটোর জেলার পুলিশ সুপার লিটন কুমার সাহা,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)তারেক জুবায়ের,নাটোর জেলার সাতটি থানার ওসি এবং পুলিশ লাইন্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীবৃন্দ অংশগ্রহন করেন।
পিঠা উৎসবের আয়োজন প্রসঙ্গে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন,পিঠা উৎসবসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। এর ফলে সামাজিক দায়বদ্ধতার জায়গাতে আমাদের প্রশান্তি তৈরী হয়েছে।এসব কার্যক্রম আমাদের কর্মপ্রেরণার উৎস।