

বিনোদন ডেস্ক: চলতি মাসের শেষদিকে অর্থাৎ ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে চিত্রপাড়া এখন বেশ সরগরম।
এখন পর্যন্ত দুটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করেছে। এর বাইরে আর কেউ প্যানেল দেওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। দুই প্যানেলে একটির সভাপতি হিসাবে লড়বেন অভিনেতা মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক হিসাবে জায়েদ খান। আরেকটি প্যানেলের সভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক হিসাবে চিত্রনায়িকা নিপুন।
কাঞ্চন-নিপুন প্যানেলে সহ-সভাপতি হিসাবে নির্বাচন করবেন ফেরদৌস ও রিয়াজ। সহ- সাধারণ সম্পাদক পদে লড়বেন সাইমন সাদিক। সঙ্গে রয়েছেন নায়ক ইমনও। এমনটাই জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। অন্যদিকে মিশা-জায়েদ প্যানেলে আগে যারা ছিলেন তাদের বেশিরভাগই এবারও প্রার্থী হচ্ছেন বলে জানা গেছে। বিশেষ করে তাদের সঙ্গে রয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, চিত্রনায়ক রুবেল।
সভাপতি প্রার্থী মিশা সওদাগর বলেন, ‘করোনাকালে আমরা শিল্পীদের জন্য অনেক কর্মকাণ্ড পরিচালনা করেছি। তা ছাড়া শিল্পীদের মধ্যে শৃঙ্খলা প্রতিষ্ঠা করাসহ আরও কিছু উন্নয়ন কার্যক্রম পরিচালনা করেছি। তাই আমিসহ আমার প্যানেলের সবাই নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী।’
অন্য প্যানেলের সভাপতি প্রার্থী ইলিয়াস কাঞ্চন বলেন, ‘চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ও শিল্পীদের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছি আমি সভাপতি পদে নির্বাচন করব। আমি জীবনের এ পর্যায়ে এসে শিল্পীদের জন্য কিছু করতে চাই। চলচ্চিত্রের যে হারানো গৌরব ছিল তা ফিরিয়ে আনাই হবে আমার প্রধান লক্ষ্য।
নিপুণরা আমার কাছে এসে বললো, দীর্ঘদিন যারা এই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন সেই নেতৃত্বের মধ্যে অন্য সংগঠনগুলোর সঙ্গে একটা রেষারেষি হচ্ছে, মনোমালিন্য হচ্ছে। এই মনোমালিন্য যদি চলচ্চিত্রে থাকে তাহলে তো উন্নয়ন হবে না। আমি বিষয়গুলো ভেবে নির্বাচনে এসেছি।’
শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। দুজন সদস্য হলেন বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।