

ইউকেবিডি ডেস্ক: বাংলাদেশে তখনো সূর্য ওঠেনি। ভোরের আলো ফোটার অপেক্ষা। তার আগেই উঠল বহুল প্রতীক্ষিত জয়ের সূর্য। সেই সূর্যের দুটো রং-লাল-সবুজ। শত-সহস্র লাল-সবুজ প্রজাপতি ডানা মেলে উড়ল শীতের ভোরে।
পৌষের সকালে লেপ-তোশকের ওম ছেড়ে বের হতে কারইবা ভালো লাগে। আলসেমির আদুরে দুষ্টুমি যে ভীষণরকম মনোলোভা।
তবে আপনি যদি ক্রিকেটরসিক হয়ে থাকেন, শুভ্রবসনের ক্রিকেটের সঙ্গে প্রেমজ সম্পর্ক থাকে আপনার, লাল-সবুজের পাড় ভক্ত আপনি, নিশ্চয় ভোরের আলো ফোটার আগে ধূমায়িত চায়ের কাপে চুমুক দিতে দিতে টিভি সেটের সামনে বসেছেন।
ওই যে জেমিসনের অফ-স্টাম্পের বাইরের বল ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দড়ির বাইরে পাঠালেন মুশফিকুর রহিম, দেখেছেন ওই মনোহর দৃশ্য? তারপর শূন্যে ঘুসি মেরে মুমিনুলকে আলিঙ্গন, রস টেলরের সঙ্গে মিস্টি বাক্যালাপ-মদির দৃশ্যগুলো এখনো লেগে আছে না আপনার চোখে?
সাজঘরে তখন সাজ সাজ রব। অবিস্মরণীয় লগ্ন। মাউন্ট মঙ্গানুই যেন মাউন্ট এভারেস্ট, একটু আগে যে শৃঙ্গ জয় করেছে বাংলাদেশ। বাংলাদেশের টেস্ট ইতিহাসের এক অবিস্মরণীয় মুহূর্ত। অনিন্দ্যসুন্দর লগ্ন।
টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের তাদেরই উঠোনে দুরমুশ করার এ এক অনির্বচনীয় আনন্দ। তিন ধরনের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ৩২ ম্যাচের সবকটিতে হেরেছে বাংলাদেশ।
ইতিহাসের পাতা উলটে বুধবার বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছে আট উইকেটের বিশাল ব্যবধানে। সব মিলিয়ে দেশের বাইরে বাংলাদেশের এটি ষষ্ঠ টেস্ট জয়।
তা-ও নিজেদের দুই সেরা খেলোয়াড় সাকিব আল হাসান ও তামিম ইকবালকে ছাড়া মুমিনুল হকের তরুণ ব্রিগেড মুঠোবন্দি করেছে এই জয়। এমন যুগান্তকারী টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম জয়ে ১২ পয়েন্ট পকেটে ভরার পাশাপাশি পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এলো বাংলাদেশ।
আর নিউজিল্যান্ড নিজেদের মাঠে টেস্টে ১৭ ম্যাচে অপরাজিত থাকার পর এই প্রথম হারল। এই অনিন্দ্য সুন্দর জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরিসংখ্যান, মাইলফলক সব একপাশে সরিয়ে রেখে এই বিস্ময় জাগানিয়া জয়ের প্রকৃত সৌন্দর্য নিহিত টেস্টের পাঁচদিনই নিউজিল্যান্ডেও ওপর বাংলাদেশের নিরঙ্কুশ কর্তৃত্বের মধ্যে। এ নিয়ে মাত্র ১১ টেস্ট খেলা পেসার ইবাদত হোসেন এই ম্যাচের কেন্দ্রীয় চরিত্র।
পঞ্চমদিন সকালে দুই উইকেট নিয়ে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নেন ৪৬ রান দিয়ে। আট বছরেরও বেশি সময় পর কোনো বাংলাদেশি পেসার এই প্রথম ইনিংসে ছয় উইকেট নিলেন। দেশের বাইরে এটি সেরা বোলিং ফিগার একজন বাংলাদেশি পেসারের।
ম্যাচে সাত উইকেট নিয়ে ইবাদতই প্রথম টেস্টে ম্যান অব দ্য ম্যাচ। যিনি বাংলাদেশ বিমানবাহিনীর সেনা। তাই তো প্রত্যেকবার উইকেট নেওয়ার পর স্যালুট করেন।
আগামীকাল শুক্রবার তার জন্মদিন। ২৮-এ পা দেবেন এই সাবেক ভলিবল খেলোয়াড়। জন্মদিনের উপহার যেন নিজেকেই নিজে দিলেন। তাসকিন আহমেদ নেন তিন উইকেট। শেষ উইকেট পান মেহেদী হাসান মিরাজ।
পাঁচ উইকেটে ১৪৭ রানে পঞ্চমদিন শুরু করা নিউজিল্যান্ড শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ১৫ রানে। কাল সকালে বাইশ গজে কিউই ব্যাটাররা স্থায়ী হন মাত্র ৫৬ মিনিট।
আগেরদিনের ৩৭-এ আর মাত্র তিন রান যোগ করে ইবাদতের বলে বোল্ড হন নিজের বিদায়ি টেস্ট সিরিজ খেলা রস টেলর। রাচিন রবীন্দ্রকে (১৬) তুলে নেন তাসকিন। লিড মাত্র ৩৯ রানের।
৪০ রানের ছোট্ট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের কোনো তাড়াহুড়া ছিল না। ১৬.৫ ওভারে সফরকারীরা লক্ষ্য পূরণ করে দুই ওপেনার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে।
টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান (৪,৮৭৩) করা এবং সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম (৫*) ও অধিনায়ক মুমিনুল হক (১৩*) ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন।
এর আগে পঞ্চমদিনের খেলা শুরু হওয়ার ১০ মিনিটে টেলরকে বোল্ড করে ইবাদত নিজের পঞ্চম উইকেট পান। পরের ওভারে ইবাদত তুলে নেন কাইল জেমিসনকে।
রাচিন রবীন্দ্র ও টিম সাউদিকে ফিরিয়ে দিয়ে তাসকিন তিন উইকেটের মালিক হন। বাংলাদেশ তখন জয় থেকে আর মাত্র এক উইকেট দূরে। সেই দায়িত্ব নিজের কাঁধে নেন মেহেদী।
ডিপ মিডউইকেটে বদলি তাইজুল ইসলামের দুরন্ত ক্যাচে মেহেদী শেষ কিউই ব্যাটার ট্রেন্ট বোল্টকে ফিরিয়ে দিয়ে উৎসবের সূচনা করেন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ক্রাইস্টচার্চে।