

স্টাফ রিপোর্টার: নিউজিল্যান্ডকে হারিয়ে ঐতিহাসিক জয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো ফরম্যাটের ক্রিকেটে তাদের বিরুদ্ধে প্রথম জয়। আবার গত কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেটের ছন্নছাড়া অবস্থার পর আবশেষে স্বস্তির এক জয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পর বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড় এবং টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত সিরিজে পাকিস্তানের সাথে ঘরের মাঠেও হতাশাজনক পারফরম্যান্সের পর নিউজিল্যান্ড সফর নিয়ে তেমন আশাবাদী ছিলেন না তেমন কোনো দর্শক সমর্থকই। তবে নতুন বছরের শুরুটা নিজেদের দারুণ পারফরম্যান্সে রাঙিয়ে রাখলো টাইগাররা।
ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ শুধু জেতেইনি, ব্যাটিং বোলিং দুই বিভাগেই রীতিমত আধিপত্য বিস্তার করেই জিতেছে বাংলাদেশ।টেস্টের দ্বিতীয় ইনিংসে এবাদত হোসেন অসাধারণ বোলিংয়ে ৪৬ রান দিয়ে ৬ উইকেট তুলে নিলে বাংলাদেশের জন্য জয়টা একেবারে হাতের মুঠোয় চলে আসে যে।
এদিকে প্রথম ইনিংসে জয়, লিটন আর মমিনুলের দায়িত্বশীল ব্যাটিং, মিরাজ-শরীফুলের বোলিং সব মিলিয়ে দলগত পারফরম্যান্সের মধ্য দিয়েই টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২২ বছর পর প্রথমবার নিউজিল্যান্ডকে হারানোর স্বাদ পেলো টাইগাররা।