মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জানুয়ারি, ২০২২
  • ২৭১ এই পর্যন্ত দেখেছেন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র: করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। রবিবার (২ জানুয়ারি) তিনি প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত বলে শনাক্ত হন। বর্তমানে তার শরীরে রোগটির মৃদু উপসর্গ রয়েছে। সোমবার (৩ জানুয়ারি) প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এ দিকে কোভিড সংক্রমিত হওয়ার পর কোয়ারেন্টিনে চলে গেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আগামী পাঁচদিন তিনি নিজের বাড়িতে কোয়ারেন্টিনে থেকেই অফিস করবেন। এই সময়ের মধ্যে নির্ধারিত সকল বৈঠকে ভার্চ্যুয়ালি অংশ নেবেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, লয়েড অস্টিনের করোনায় আক্রান্ত হওয়ার খবরটি এমন এক সময়ে সামনে এলো যখন প্রাণঘাতী ভাইরাসটির অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বহুগুণে বৃদ্ধি পেয়েছে। একই কারণে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে গেল সপ্তাহে কঠোর বিধিনিষেধ জারি করেছিল মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন। এমনকি মার্কিন সেনাবাহিনীর সদস্যদের জন্য সামরিক প্রস্তুতি জারি রাখতেও চ্যালেঞ্জের মুখে পড়ছে সামরিক বাহিনী।

অবশ্য মহামারি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে দুটি কোভিড-১৯ প্রতিরোধী ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি গত বছরের অক্টোবর মাসের শুরুতে টিকার বুস্টার ডোজও গ্রহণ করেছিলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

রবিবার বিবৃতির মাধ্যমে তিনি জানিয়েছেন, গত ২১ ডিসেম্বর তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সর্বশেষ সাক্ষাৎ করেছিলেন। মূলত শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ার এক সপ্তাহেরও বেশি সময় আগে বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন তিনি।বিবৃতিতে অস্টিন দাবি করেন, চিকিৎসকরা আমাকে স্পষ্ট জানিয়েছেন যে, আমি করোনায় আক্রান্ত হলেও কোভিড-১৯ প্রতিরোধী উভয় ডোজ ভ্যাকসিন নেওয়া এবং অক্টোবরের শুরুতে টিকার বুস্টার ডোজ গ্রহণের কারণে আমার শরীরে ভাইরাসটির উপসর্গ অনেক হালকাভাবে দেখা দিয়েছে।

তিনি আরও জানান, বাড়িতে ছুটি কাটানোর সময় শরীরে কোভিডের উপসর্গ দেখা দেওয়ায় রবিবার তিনি পরীক্ষা করান এবং রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া গত বৃহস্পতিবার তিনি সর্বশেষ পেন্টাগনে অফিস করেছিলেন।

এর আগে গত বছরের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেজান্দ্রো মায়োর্কাস করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ২০২১ সালের শুরুর দিকে প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পর অস্টিনকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব দেন। তিনি মার্কিন সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত জেনারেল।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, বেসামরিক বা অবসরপ্রাপ্ত সামরিক ব্যক্তিত্ব থেকে যে কাউকে দেশের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সামরিক কর্মকর্তাদের ক্ষেত্রে অন্তত সাত বছরের অবসর জীবন পার করার পর এই পদের জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়ে থাকেন।উল্লেখ্য, ২০১৬ সালে সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করা লয়েড অস্টিন অবশ্য নিজের অবসর জীবন পুরোপুরি পাঁচ বছর পূরণের আগেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102