সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

রফিক ও হুদা কমিশন দেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত: নজরুল ইসলাম

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
  • ২৩২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতির সংলাপকে ‘প্রহসন’ উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, এর আগেও দুবার সংলাপ হয়েছে। এতে গঠিত রফিক ও হুদা কমিশন- বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত কমিশন। কাজেই সরকার যা ইচ্ছে তাই করে। যে প্রক্রিয়ায় নির্বাচন কমিশন গঠিত হয় তা অস্বচ্ছ।

সোমবার (৩ জানুয়ারি) কক্সবাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, যদি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার না হয়, প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, তাহলে যাকে দিয়েই নির্বাচন কমিশন করা হোক না কেন, দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সে কারণে এ সংলাপকে অপ্রয়োজনীয় ও প্রহসনের সংলাপ দাবি করে আমরা তা প্রত্যাখ্যান করেছি। আমরা জানিয়ে দিয়েছি, এ সংলাপে যাবো না। দেশের অনেক রাজনৈতিকদল এ সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসা করাতে বিদেশ যেতে চেয়েছিলেন। সেখানেও সরকারের বাধা। কোটি মানুষের মায়ের চিকিৎসা করাতে যাদের বাধা তাদের প্রতি আমাদের শুধুই ঘৃণা। তার চিকিৎসার দাবিতে সমাবেশ করতে চাইলে তাতেও বাধা আসে। চিকিৎসার জন্য খালেদা ছাড়া সবাই বিদেশ যেতে পারে। অবিলম্বে তাকে দেশের বাইরে পাঠানোর সুযোগ করে দেওয়া হোক।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শহরের শহীদ স্মরণী সড়কে সোমবার বিকেলে সমাবেশের ডাক দেয় কক্সবাজার জেলা বিএনপি। সে সমাবেশস্থল থেকে ১০০ গজ দূরে শহীদ মিনারে গণতন্ত্রের বিজয় উদযাপন কর্মসূচি দেয় যুবলীগ।

একই জায়গায় দুই দল কর্মসূচি ডাকায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় সোমবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। ফলে পূর্ব নির্ধারিত জায়গা পরিবর্তন করে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে বিএনপি। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

অন্যদিকে শহীদ মিনার সড়কে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করায় শহীদ দৌলত ময়দানে নিজেদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম করেছে জেলা যুবলীগ। কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর বলেন, আমরা প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে গণতন্ত্রের বিজয় দিবসের অনুষ্ঠানস্থল পরিবর্তন করেছি।

জেলার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জাগো নিউজকে বলেন, উত্তপ্ত পরিস্থিতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না ঘটে সেজন্য সকাল থেকে প্রশাসন মাঠে ছিল। সমাবেশেও ছিল পুলিশ। কোনো বিশৃঙ্খলা ছাড়াই দিনটি শেষ করা গেছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102