বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

শিশুদের হাতে নতুন বই পেয়ে খুশিতে মাতোয়ারা

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৭১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনার কারণে গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না। প্রতিবছর এ দিনে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়। এ বছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দেবে। এরই ধারাবাহিকতায় শনিবার (১ জানুয়ারি) বছরের প্রথমদিন থেকে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। এদিকে মৌলভীবাজার জেলায় নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ করা হয়।

সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলী আমজাদ সরকারি বালিকা বিদ্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন৷

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আবদুল হক, উপজেলা নির্বাহী অফিসার, মৌলভীবাজার সদর সাবরীনা রহমান, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।

বই হাতে পেয়ে অজানা কবিতা, গল্প আর জ্ঞান-বিজ্ঞানে নিজেদের শানিত করার অদম্য ইচ্ছায় উচ্ছ্বাসিত হয়ে ওঠে কোমলমতি শিক্ষার্থীরা। হাসি-আনন্দে একাকার হয়ে বুকের সঙ্গে দুই হাত দিয়ে মায়ার বাঁধনে নতুন বইগুলো জড়িয়ে রাখছেন শিক্ষার্থীরা। শিশুদের হাতে হাতে নতুন বই।

সারাদেশে এ বছর ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রণীত পাঠ্যপুস্তক রয়েছে এবং এ বিতরণ কার্যক্রম ১২ দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ১ থেকে ৩ জানুয়ারি, সপ্তম শ্রেণিতে ৪ থেকে ৬ জানুয়ারি, অষ্টম শ্রেণিতে ৮ থেকে ১০ জানুয়ারি এবং নবম শ্রেণিতে ১১ থেকে ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। অর্থাৎ আগামী ১২ দিনের এ কার্যক্রম সম্পন্ন হবে।

এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানায়, প্রাথমিকের শতভাগ বই নির্ধারিত সময়ের মধ্যেই পৌঁছানো হয়েছে। শুক্রবার পর্যন্ত মাধ্যমিকের ৯৫ শতাংশ বই পৌঁছায়।

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) সাইদুর রহমান বলেন, জানুয়ারিতে বিদ্যালয় খোলা থাকবে। পাঠদান শুরু হবে ১ ফেব্রুয়ারি থেকে। এর ২০ দিন আগেই মাধ্যমিকের সব বই পৌঁছে যাবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102