সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

আপস করলে খালেদা জিয়া আজ প্রধানমন্ত্রী থাকতেন: দুদু

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: ওয়ান-ইলেভেনে মঈন উদ্দিন আহমেদ-ফখরুদ্দীন আহদের সঙ্গে আপস করলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ দেশের প্রধানমন্ত্রী পদে থাকতেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেছেন, ‘বেগম খালেদা জিয়াকে আমরা আপসহীন নেত্রী বলি। তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই তিনি আজকে কারাগারে আছেন। দীর্ঘ প্রায় তিনটি বছর তাকে অন্যায়ভাবে বন্দি করে রেখেছে এই সরকার। তিনি জেনারেল মঈনের সঙ্গে আপস করলে আজ প্রধানমন্ত্রী থাকতেন। বেগম খালেদা জিয়া বলেছিলেন, ওরা (মঈন-ফখরুদ্দিন) আমার কাছেও এসেছিল। তারা যে অন্যায় করেছিল সংবিধানকে পদদলিত করে ১/১১ সৃষ্টি করেছিল, তাদের সঙ্গে বেগম জিয়া কোনো আপস করতে রাজি হননি।’

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম কবীর মুরাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ান-ইলেভেন ও বর্তমান সরকারের সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, ‘আপস না করায় জেনারেল মঈন তার (খালেদা জিয়াকে) রাজনীতি শেষ করতে চেয়েছিলেন। আজকের সরকারও বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে অপসারণ করতে চায়। মঈন উদ্দিন আহমেদ কর্মসূচি বর্তমান সরকার পালন করছে। জেনারেল মঈন ছিলেন ভারতের সেবাদাস ও গণতন্ত্রবিরোধী। গায়ের জোরে তিনি দুটি বছর বাংলাদেশের সংবিধানকে তছনছ করেছিলেন। আইনের শাসনকে তছনছ করেছিলেন। সেগুলোর সবকিছুকে বৈধতা দিয়েছে বর্তমান সরকার।’

মুজিববর্ষের অনুষ্ঠানে বানান ভুল ও শপথবাক্য পাঠের সমালোচনা করে তিনি বলেন, ‘অনুষ্ঠানে মুজিববর্ষ বানান ভুল লেখা হয়েছে। কিন্তু কেন ভুল হয়েছে, তার কোনো যৌক্তিক কারণ বলা হয়নি। তার সামনে দাঁড়িয়ে নিশিভোটের প্রধানমন্ত্রী এবং তার বোন শপথবাক্য পাঠ করেছেন। যেখানে নামই ঠিক নেই, সেখানে শপথ কি ঠিক আছে?’

কবির মুরাদের স্মৃতিস্মারণ করে দুদু বলেন, ‘বেগম জিয়া যখন যেটা করেছেন, সেটারই স্বপক্ষে ছিলেন কবির মুরাদ। কোনো অবস্থাতেই তিনি নেত্রীর সিদ্ধান্তের বাইরে যাননি, যার কারণে অনেক সময় তার ওপর নির্যাতন নেমে এসেছিল।’

সংগঠনের সভাপতি প্রফেসর ডা. আবদুল কুদ্দুসের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. এমতাজ হোসেন, আবদুল্লাহিল মাসুদ, প্রফেসর ড. শফিকুল ইসলাম, এম জহীর আলী, প্রকৌশলী রুহুল আলম, মিলিমা রহমান মিলি, শহীদুল হক শহীদ, মিয়া মো. আনোয়ার, কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102