

স্টাফ রিপোর্টার: স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল তিন বাহিনী প্রধানের সঙ্গে আলাদাভাবে দেখা করেছে।
বুধবার সেনাপ্রধানের সঙ্গে সেনাবাহিনী সদর দপ্তর, নৌপ্রধানের সঙ্গে বনানী নৌ সদর দপ্তর এবং বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিমান বাহিনীর শাহীন হলে তারা সাক্ষাৎ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারত ছাড়াও রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে তিন সদস্যের একটি সামরিক প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে আলাদাভাবে দেখা করেছে।

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডার।
দুই দেশের প্রতিনিধি দল ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে প্রাণ উৎসর্গ করা সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
আইএসপিআর জানায়, মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন যোদ্ধাসহ ৬৬ সদস্যের সামরিক প্রতিনিধি দল সেনাবাহিনী সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরে রাশিয়ার ল্যান্ড ফোর্স কমান্ডারের নেতৃত্বে তিন সদস্যের সামরিক প্রতিনিধি দলটি সেনাপ্রধানের সঙ্গে দেখা করেন।
সফরকালে প্রতিনিধি দল দুটি সেনাবাহিনীর সিলেট সেনানিবাস এবং মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে প্যারা ড্রপিং সাইট পরিদর্শনসহ মুক্তিযুদ্ধ জাদুঘর ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবে।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে উপহার তুলে দেন ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের প্রধান অবসর প্রাপ্ত মেজর জেনারেল আর এন ভাল্লা।
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের হাতে উপহার তুলে দেন ভারতীয় সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের প্রধান অবসর প্রাপ্ত মেজর জেনারেল আর এন ভাল্লা।
আলাদা বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, এদিন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩৬ জন যোদ্ধা সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় নৌবাহিনী প্রধান বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের বলিষ্ঠ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ করে ১৯৭১ সালে পরিচালিত ‘অপারেশন জ্যাকপট’কে সাফল্যমণ্ডিত করতে তিনি ভারতের অবিস্মরণীয় ভূমিকার কথা উল্লেখ করেন।
দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে জোরদার করতে ভারতীয় নৌবাহিনীর সঙ্গে বাংলাদেশ নৌবাহিনী একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডমিরাল শাহীন ইকবাল।
অপর একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা যুদ্ধে সহায়তাকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩০ জন যোদ্ধাসহ ৬৬ জনের একটি প্রতিনিধিদল বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সঙ্গে সাক্ষাৎ করেন মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধারা।

ভারতীয় প্রতিনিধি দলটির নেতৃত্বে ছিলেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আর এন ভাল্লা। সাক্ষাতে তারা পারস্পরিক কুশল বিনিময় করে কিছু সময় একসঙ্গে কাটান।
এ সময় বিমান বাহিনী প্রধান ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন বলে আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে বলা হয়।
ভারত ও রাশিয়ার প্রতিনিধি দল দুটি ১৩ ও ১৪ ডিসেম্বর রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে। আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর নিজ দেশে ফিরে যাবে।