সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

বিমানবন্দর থেকে উত্তরায় এমপি মুরাদ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি কানাডা ও দুবাইয়ে ঢুকতে ব্যর্থ হয়ে রোববার বিকেলে দেশে ফিরে আসেন। এরপর অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বের হয়ে অনেকটা সঙ্গোপনে তিনি চলে যান উত্তরা ১ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডের ১৫ নম্বর বাসায়। বর্তমানে সেখানেই তিনি অবস্থান করছে বলে একটি সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে বের হয়ে হুন্দাই কোম্পানির একটি প্রাইভেটকারে চড়ে মুরাদ হাসান উত্তরার পথে রওয়ানা দেন। 

এর আগে রোববার বিকেল ৪টা ৫১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একে-৫৮৬ ফ্লাইটে দেশে ফেরেন তিনি। ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য অধিদপ্তরের জিজ্ঞাসাবাদ শেষে বের হয়ে যান তিনি। 

সূত্র জানায়, রাজধানীতে মুরাদের তিনটি বাসা রয়েছে। এর মধ্যে একটি শান্তিনগরে, একটি ধানমন্ডিতে ও অপরটি মিন্টো রোডের বাসা, যা প্রতিমন্ত্রী হিসেবে পাওয়া। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়ার কারণে মুরাদ মিন্টো রোডের বাসার অধিকার এরই মধ্যে হারিয়েছেন।

সরকারি বরাদ্দের ওই বাসায় তিনি প্রতিমন্ত্রী থাকার সময়েও খুব একটা যাননি। শান্তিনগরের বাসাতেও তার তেমন যাতায়াত নেই। ধানমন্ডির বাসায় স্ত্রী আর দুই সন্তান নিয়ে থাকতেন মুরাদ হাসান।

তবে বিমানবন্দর থেকে বের হয়ে মুরাদ ধানমন্ডির বাসায় ফেরেননি বলে জানিয়েছেন ধানমণ্ডি বাসার নিরাপত্তা কর্মী সুমন ইসলাম। তিনি বলেন, মুরাদ হাসানের ঢাকা ফেরার খবর শুনেছি। তবে এখনও তিনি বাসায় আসেননি। মুরাদ হাসানের স্ত্রী ও দুই সন্তান ওই বাসাতেই আছেন বলেও নিশ্চিত করেন এই নিরাপত্তাকর্মী। তিনি বলেন, ‘প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের আগের দিন তিনি বাসা ছেড়ে যান, এরপর আর ফেরেননি।’

প্রসঙ্গত, অশালীন বক্তব্য ও ফোনের রেকর্ডিং ফাঁসের ঘটনায় প্রতিমন্ত্রীর পদ হারানোর পর গত বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন মুরাদ হাসান। এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে ৮৫৮৫-এ তিনি প্রথমে দুবাই যান, এরপর সেখান থেকে আরেকটি ফ্লাইটে কানাডার উদ্দেশে যাত্রা করেন। তবে টরন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেয় কানাডীয় কর্তৃপক্ষ। মুরাদ হাসান এরপর মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে ঢোকার চেষ্টা করেন। দুবাই ইমিগ্রেশনও আটকে দেয় সাবেক এই প্রতিমন্ত্রীকে। এরপর তিনি রোববার দেশে ফিরে আসেন। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102