শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে সেনাবাহিনী: ড. শিরীন শারমিন চৌধুরী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৩৩১ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আধুনিক অস্ত্রশস্ত্র ও যন্ত্রপাতি সংযোজন করে সশস্ত্রবাহিনীকে আরও সমৃদ্ধ করা হচ্ছে। বর্তমানে সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দুর্দান্ত কাজ করে জাতির আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

বুধবার (১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে ৯ পদাতিক ডিভিশনের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্পিকার।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর তৈরি করা মহান বিজয় দিবস লোগোর মাধ্যমে দেশাত্মবোধ জাগ্রত হবে দেশের প্রতিটি প্রান্তে। বাংলাদেশের আন্দোলন সংগ্রাম ও স্বাধীনতা অর্জন ইতিহাসের প্রেক্ষাপটে লোগোটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

স্পিকার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সম্পন্ন হচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়। বাংলাদেশের অগ্রযাত্রায় প্রধানমন্ত্রীর সহযাত্রী হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

এসময় ৯ পদাতিক ডিভিশনের জিওসি লোগো সম্বলিত একটি ক্রেস্ট স্পিকারের হাতে তুলে দেন। পরে স্পিকার মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ লোগো উন্মোচন করেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। মহান বিজয় দিবস কুচকাওয়াজ-২০২১ লোগোর পটভূমি বর্ণনা করেন ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্রবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102