

স্টাফ রিপোর্টার: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি এখন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলেও তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার ছিল ১৪ দশমিক ১ ডিগ্রি। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি থেকে কমে বৃহস্পতিবার ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।
বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে, ৩৩ ডিগ্রি সেলসিয়াস।