

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াটা বৈঠক করেছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বরর) মন্ত্রীর এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, ‘সুষ্ঠু, সুশৃঙ্খল ও দায়িত্বশীল অভিবাসন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে মানবপাচারের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।’

তিনি বলেন, ‘অনিয়মিত অভিবাসনকে নিরুৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি উপযুক্ত দক্ষতা অর্জন করে বৈধভাবে বিদেশ যাওয়ার জন্য সরকার বিভিন্ন কার্যক্রম নিয়েছে।’
বৈঠকে মানবপাচার প্রতিরোধ, গুণগত ও বৈধ শ্রম অভিবাসন নিশ্চিতকরণ, বাংলাদেশের কর্মীদের দক্ষতার মানোন্নয়ন, ইতালিতে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণ এবং দু’দেশের ভ্রাতৃত্বপূর্ণ সৌহার্দ্য-সম্প্রীতি নিয়ে আলোচনা করেন।