

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের টিকা সরবরাহে বাংলাদেশকে চারটি রেফ্রিজারেটর ভ্যান দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) এক অনুষ্ঠানে এসব ভ্যান হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ ও ইউএস মিশন ডিরেক্টর ক্যাথরিন স্টিভেন্সসহ আরও অনেকে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বস্তিদায়ক জায়গায় রয়েছে। আমরা করোনা সংক্রমণ মোকাবিলা করতে পেরেছি। আজকে মাত্র চারজনের মৃত্যু হয়েছে। মাসখানেক যাবত দেখছি দেশের সংক্রমণ এবং মৃত্যুর হার অনেকটাই একই রকম। আমরা চাই দেশের সংক্রমণ-মৃত্যু শূন্যের কোটায় চলে আসুক। সকলে মিলে একসঙ্গে কাজ করলে আশা করি দ্রুতই শূন্যে নেমে আসবে।
নভেম্বরে তিন কোটি টিকা দেওয়ার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, জানুয়ারি মাসের মধ্যে ৭০ ভাগ টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে আমাদের।
বর্তমানে দেশে ফাইজার, মডার্না, সিনোফার্মসহ দুই কোটি ৭৫ লাখ টিকা মজুত রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।