

স্টাফ রিপোর্টার: ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদসহ ১২ দফা দাবিতে জনমত গড়তে দেশব্যাপী লিফলেট বিতরণের ৪১ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি।
লিফলেটে গণদুশমন আওয়ামী লীগের সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ান শিরোনামে রাষ্ট্রীয় অর্থনীতি লুটপাট, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, ডিজেল-কেরোসিন,পানি-বিদ্যুৎ, সুতা-রংয়ের দাম কমানোসহ ১২ দফা দাবি রয়েছে।
সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি উদ্যোগে পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে সাংবাদিকদের কাছে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, এই লিফলেট ৪১ দিন ব্যাপী বিতরণ করবে বিএনপি। আজ থেকে ১৯ তারিখ পর্যন্ত বিএনপি সারাদেশব্যাপী। এরপর প্রতিটা অঙ্গসংগঠন করবে তিনদিন করে। ৪১ দিন এই কর্মসূচি চলবে আমাদের।
বাসভাড়া বৃদ্ধি সরকারের সাজানো নাটক হিসেবে অভিহিত করে আমান বলেন, পরিবহন স্ট্রাইক দেখানো হয়েছে। সেজন্য বাসের ভাড়া, পরিবহন ভাড়া, লঞ্চের ভাড়া বৃদ্ধি করতে হবে। এই অনুযায়ী তারা (সরকার) ভাড়া বৃদ্ধি করেছে।
কর্মসূচিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আমিরুজ্জামান শিমুল, মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।