শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

দেশে আজ বাকস্বাধীনতা ও গণতন্ত্র নেই: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৫১০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: সরকার দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশে মানুষের বাকস্বাধীনতা নেই। গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নেই। আওয়ামী লীগ সরকার দেশে ফ্যাসিস্ট শাসন কায়েম করেছে ।’  রোববার শেরেবাংলা নগরে চন্দ্রিমা উদ্যানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণের পর তিনি সাংবাদিকদেরকে এসব কথা বলেন।

এর আগে ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের সিনিয়র ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল। পরে তারা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ করেন। এসময় জিয়া পরিবার ও দেশের সমৃদ্ধি কামনা এবং করোনার হাত থেকে রক্ষার জন্য বিশেষ মুনাজাত করা হয়।

পরে সাংবাদিকদেরকে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখনজনক যে, আজকে দেশের স্বাধীনতার ৫০ বছরে এসে স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠানকে নির্মমভাবে ধ্বংস করেছে। ’

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য, দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য লড়াই ও সংগ্রাম করেছেন। আজকে তাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দি করেছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। দলের সাধারণ নেতাকর্মীদের বিরুদ্ধেও মিথ্যা মামলা দিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যেভাবে একাত্তরের একটি চেতনা ও আঙ্খাকা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। সেভাবেই ৭ নভেম্বর আমাদের সিপাহী জনতা সংহতি প্রকাশ করেছিল। এরপরই দেশে গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল। দেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছিল।’

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘যা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এদিন আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীনতা পেয়েছিলাম। আমাদের মহান নেতা শহীদ জিয়া তার নেতৃত্ব দিয়েছেন।’

ফখরুল বলেন, ‘আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আমরা শপথ নিয়েছি যে, সব নেতাকর্মী ও সব রাজনৈতিক দলের ঐক্যের মাধ্যমে এই ফ্যাসিস্ট ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারকে হটিয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন কায়েম করা হবে।

বিএনপি মহাসচিব ছাড়াও পুষ্পস্তবক অর্পণের সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে ঢাকা জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতৃবৃন্দকে নিয়ে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় অন্যদের মধ্যে ঢাকা জেলা বিএনপির ডা. দেওয়ান মো. সালাহউদ্দিন, খন্দকার আবু আশফাক, ড্যাবের অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মো. আবদুস সালাম, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল প্রমুখ উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102