

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার খুলনায় জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএ্যান্ডএস)এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
অধিনায়ক সম্মেলনে সামরিক কর্মকর্তা ও আর্মি সার্ভিস কোরের অধিনায়কদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সেনাবাহিনী প্রধান।
এ সময় তিনি স্বাধীনতাযুদ্ধে আর্মি সার্ভিস কোরের আত্মোৎসর্গকারী বীর শহীদদের সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন।
জেনারেল শফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অত্যাধুনিক, বাস্তবমুখী ও উদ্ভাবনী চিন্তাচেতনা সম্পন্ন প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন।
তিনি দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন এবং কোরের সদস্যদেরকে অভিনন্দন জানান।
সম্মেলনে সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।