

খায়রুল আলম,যুক্তরাজ্য: সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন (সিজেএ) এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ব্রিটিশ বাংলাদেশী সাংবাদিক সৈয়দ নাহাস পাশা। কমনওয়েলথ ভুক্ত বিভিন্ন সিজেএ’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কানাডীয় সাংবাদিক ক্রিস কব।
এর আগে ভারতীয় সাংবাদিক মহেন্দ্র ভেদ ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট।রোববার সিজেএ’র কার্যকরি কমিটির নিবার্চন অনুষ্ঠিত হয়। অনলাইন ও ভার্চুয়াল এই নিবার্চন কমনওয়েলথ এর বিভিন্ন দেশে একযোগে এবং একই সময়ে অনুষ্ঠিত হয় কানাডার স্থানীয় সময় সকাল আটটায়। এতে যুক্তরাজ্য, কানাডা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, উগান্ডা, ক্যামেরুন সহ বিভিন্ন দেশের সাংবাদিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মন্ট্রিল থেকে এই নির্বাচন পরিচালনা করেন সিজেএ’র সাবেক এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাট পারকেল। এর আগে গত ১৯ ও ২০শে মার্চ কমনওয়েলথ এর সাংবাদিকদের নিয়ে দিল্লীতে সিজেএ’র ভাচুর্য়াল সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের রীতি অনুযায়ী ৩ বছর পর পর সদস্য সাংবাদিকরা মিলিত হয়ে কমনওয়েলথভুক্ত একটি দেশে সম্মেলন ও কার্যকরী কমিটির নিবার্চন করেন।
কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এই প্রথমবারের মতো ভার্চুয়াল সভা ও নির্বাচন অনুষ্ঠিত হলো।১৯৭৮ সালে প্রতিষ্ঠিত কমনওয়েলথ জার্নালিষ্ট এসোসিয়েশন কমনওয়েলথ এর বিভিন্ন দেশে মিডিয়া ফ্রিডম, সাংবাদিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি ইস্যু এবং ক্রম পরিবর্তনশীল এই পেশার নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় কমনওয়েলথ প্রেস ইউনিয়ন, কমনওয়েলথ ব্রডকাস্টিং এসোসিয়েশন ও কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ (সিএইচআরআই) ইত্যাদি আন্তর্জাতিক সংগঠনের সাথে মিলে কাজ করে।