

স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালে একটি পত্রিকা অফিসে ঢুকে সম্পাদকসহ তিনজনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাতে নগরীর বটতলা এলাকায় অবস্থিত জেলা পরিষদের মার্কেটের পেছনে ‘দৈনিক দখিনের সময়’ পত্রিকার কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।
আহত সম্পাদক আলম রায়হানকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার বাসিন্দা তৌহিদ, উজ্জ্বল, সিদ্দিকসহ অন্তত ১০ জন অতর্কিতভাবে দখিনের সময়ের অফিসে গিয়ে হামলা করে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের উপর চড়াও হন তারা। তাদের হামলায় দখিনের সময়ের বরিশাল বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হাফিজ ও সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ প্রতিনিধি মশিউরও আহত হন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে হামলাকারীদের সঙ্গে সাংবাদিক আলম রায়হানের জমিসংক্রান্ত বিরোধ চলছে। আলম রায়হানের ওপর হামলা করে হামলাকারীরা তাদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করে পুলিশে খবর দেন। কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই অভিযোগকারীরাই সাংবাদিক আলম রায়হান ও তার অফিসে হামলা করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
১৯৮১ সালে সাপ্তাহিক সুগন্ধায় চিফ রিপোর্টার জনপ্রিয় ‘গেদুচাচার খোলা চিঠি’র লেখক আলম রায়হান সাপ্তাহিক সুগন্ধা, সুগন্ধা কাগজ, আমাদের সময়, আমাদের অর্থনীতি, দৈনিক যায়যায় দিন এবং বাংলা ভিশন ও মাই টিভিতে কাজ করেছেন। বর্তমানে তাঁর সম্পাদনায় বরিশাল থেকে ‘দৈনিক দখিনের সময়’ নামের একটি স্থানীয় দৈনিক নিয়মিত প্রকাশিত হচ্ছে।