

শাহারুল ইসলাম ফারদিন, যশোরঃ যশোর সদরে ট্রাক মটরসাইকেল সংঘর্ষে শামীম রেজা (৩৫) নামে উপজেলা যুবলীগের এক নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত সুলতান বিশ্বাসের ছেলে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। তিনি দীর্ঘদিন ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। নিহতের স্বজনরা জানান, শামীম রেজা মঙ্গলবার রাতে ব্যবসার কাজে ঝিকরগাছা থেকে মোটরসাইকেলে যশোর যাচ্ছিলেন। পথে নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ঘাতক ট্রাকটি আটক করা হলেও পালিয়ে গেছেন চালক ও হেলপার।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, ‘রাত সাড়ে ১০টায় ঘটনাস্থল থেকে যুবলীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।’ স্থানীয় সংসদ ও উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজার মৃত্যুতে শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা আওয়ামী লীগ ও ঝিকরগাছা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।