

ইউকেবিডি ডেস্ক: সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। ঢাকায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কিলোমিটার।
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে।
এর আগে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া বগুড়ায় ২০ ও ময়মনসিংহে ৮ মিলিমিটার বৃষ্টি হয়। এ সময় ঢাকায় কোনো বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গত শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রাঙামাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।