

অর্থনৈতিক ডেস্ক: একসময় সঞ্চয়পত্র বেশি বিক্রি হওয়ায় সরকারের দৈনন্দিন কার্যক্রমের ব্যয় মিটে যেত। ফলে ব্যাংক খাত থেকে সরকারের ঋণের প্রয়োজন হত না। বরং সরকার সঞ্চয়পত্র বিক্রি কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। সাম্প্রতিককালে সরকারের ব্যয় বেড়ে যাওয়ায় এবং রাজস্ব আশানুরূপ না হওয়ায় সরকারকে বাধ্য হয়েই ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই (জুলাই ও আগস্ট) ঋণ করেছে সাড়ে ৭ হাজার কোটি টাকা। যদিও চলতি অর্থবছরের জন্য ব্যাংক থেকে নির্ধারিত ৭৬ হাজার ৪৫২ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা রয়েছে।
তথ্যমতে, গত অর্থবছর সরকারের ঋণ চাহিদা ছিল খুব কম। অর্থবছরের শুরুর দিকে ব্যাংক থেকে যে পরিমাণ ঋণ নিয়েছিল বছর শেষে পরিশোধ করে আরও বেশি। অবশ্য শেষ দিকে ২৬ হাজার ৭৮ কোটি টাকা বেড়েছিল। গত অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা। অন্যদিকে গত ২০১৯-২০ অর্থবছর শেষে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছিল। ওই অর্থবছরে সরকারের মোট ঋণের পরিমাণ ছিল ৭২ হাজার ২৪৬ কোটি টাকা।