পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আশরাফুল ইসলাম প্রায় সাড়ে ৪ মাস পর দায়িত্ব ফিরে পেয়েছেন। স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের পর জেলা প্রশাসন তাকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরিয়ে দিয়েছে।
বুধবার (২৪ জুন) সকালে প্রশাসক ও ইউপি সচিব শরিফুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন। এ তথ্য নিশ্চিত করেছেন ইউপি সচিব শরিফুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ এবং দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত থাকার কারণে তার চেয়ারম্যান পদে প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। এরপর ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্রশাসক নিয়োগের মাধ্যমে পরিচালিত হয়ে আসছিল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা গত ২২ জুন এক অফিস আদেশ জারি করে তাকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি প্রদান করে। আদেশ অনুযায়ী, মো. আশরাফুল ইসলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা ফিরে পেয়েছেন।
এ বিষয়ে চেয়ারম্যান আশরাফুল ইসলাম বলেন আমার বিরুদ্ধে ভুতুড়ে মিথ্যা মামলা দায়ের করে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে রাখা হয়। পরে প্রায় ৪ মাস ১৭ দিন পর আদালত আমার পক্ষে রায় দিয়েছেন। পরবর্তীতে
স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন পুনরায় আমাকে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে। এজন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পঞ্চগড়ের ১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ নওশাদ জমির সরকারের প্রতি।
তিনি আরো বলেন, আজ থেকে আমি শালবাহান ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা শুরু করেছি। দায়িত্ব পালনে তিনি সকল নাগরিকদের সহযোগীতা ও দোয়া প্রার্থনা করেন।