বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩১ এই পর্যন্ত দেখেছেন

উত্তরের জনপদের উচ্চশিক্ষার বাতিঘর নবপ্রতিষ্ঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম (লোগো) নির্বাচনের জন্য জুরিবোর্ডের এক সভা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিডিরেন (BdREN) কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যগবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন এর সভাপতিত্বে সভায় সরাসরি ও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন দেশের শিল্প, সাহিত্য ও শিক্ষা অঙ্গনের একঝাঁক প্রথিতযশা গুণী ব্যক্তিত্ব।

সরাসরি উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস (ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী), অধ্যাপক শিশির ভট্টাচার্য্য (আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কার্টুনিস্ট ও চিত্রশিল্পী), অধ্যাপক মো. মাকসুদুর রহমান (বিশিষ্ট চিত্রশিল্পী ও শিক্ষাবিদ), অনলাইনের মাধ্যমে যুক্ত ছিলেন: মির্জা ফয়সল আমিন (পরিচালক, বাংলাদেশ ক্রিকেট বোর্ড – বিসিবি), ড. মুহাম্মদ শহীদ উজ জামান (প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন – ইএসডিও), ড. শেখ মেহেদী হাসান (বিশিষ্ট শিক্ষাবিদ) প্রমুখ।

বিশেষজ্ঞ কমিটির এই জুরিবোর্ডের সদস্যরা ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত মনোগ্রামসমূহের নান্দনিক বৈশিষ্ট্য, বিষয়বস্তু, আঙ্গিক, আকার, রঙের ব্যবহার, ঠাকুরগাঁওয়ের গৌরবময় ঐতিহ্য, বিভিন্ন ফর্ম, মোটিভ এবং এর অন্তর্নিহিত দর্শন নিয়ে বিস্তারিত ও গঠনমূলক মতামত প্রদান করেন।

সদস্যবৃন্দ গভীর আশাবাদ ব্যক্ত করে বলেন, গতানুগতিকতার বৃত্ত ও বাতাবরণ থেকে বেরিয়ে রুচির ধাবমান আধুনিক চিন্তা ও সৃষ্টিশীলতা এই মনোগ্রামে চমৎকারভাবে ফুটে উঠবে।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইস্রাফীল শাহীন উল্লেখ করেন, তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল মনোগ্রামে উচ্চমানের শিল্পশৈলী, সুদূরপ্রসারী চিন্তা, শিক্ষার দর্শন এবং স্থানীয় ঐতিহ্যের নিখুঁত প্রতিচ্ছবি দেখতে চান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উন্মুক্ত প্রতিযোগিতায় দেশজুড়ে প্রতিযোগীদের পাঠানো মনোগ্রামসমূহ থেকে জুরিবোর্ডের পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই শেষে চূড়ান্ত রূপটি নির্বাচন করা হবে। খুব শীঘ্রই একটি অনাড়ম্বর ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের এই আনুষ্ঠানিক মনোগ্রামটি সকলের সামনে উন্মোচন করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102