

শ্রীমঙ্গল উপজেলায় সাম্প্রতিক সময়ে প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ কার্যক্রমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
মঙ্গলবার (২৬ মে) উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলাউদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, কমলগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দরুদ আহমেদ মাস্টার, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক জিয়ার প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে। তবে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষক যাতে বঞ্চিত না হয়, আমরা এ ব্যাপারে সজাগ থাকবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এখন পর্যন্ত উপজেলার ১ হাজার ৭ শত ৮৭ জন কৃষককে জনপ্রতি দুই মাসে নগদ ৬ হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, মন্ত্রণালয়ে আরও তালিকা পাঠানো হয়েছে পরবর্তীতে এ তালিকা আরো বৃদ্ধি হতে পারে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় ক্ষতিগ্রস্ত মোট ৪ হাজার ৭৮৭টি কৃষক পরিবারের তথ্য যথাযথ প্রক্রিয়ায় মন্ত্রণালয়ে পাঠানো হয়। এর মধ্যে মে-জুন ২০২৬ মাসের জন্য প্রাথমিকভাবে ১ হাজার ৭৮৭টি কৃষক পরিবারকে পরিবারপ্রতি মাসিক ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদানের বরাদ্দ পাওয়া গেছে।
এরই ধারাবাহিকতায় হাইল হাওর অধ্যুষিত ভূনবীর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১০০টি কৃষক পরিবারের মাঝে মে ২০২৬ মাসের জন্য পরিবারপ্রতি ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এছাড়া পর্যায়ক্রমে ইউনিয়নভিত্তিক বাকি ১ হাজার ৬৮৭টি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝেও মে ও জুন মাসের বরাদ্দকৃত চাল ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হবে। জুলাই মাসের বরাদ্দ পাওয়া সাপেক্ষে পরবর্তীতে তা বিতরণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।