

শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন করেছেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ এলাকার সংসদ সদস্য। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), শ্রীমঙ্গল এর বাস্তবায়নে প্রায় ৫ হাজার ৮৬০ মিটার সড়কের পুনর্বাসন কাজ সম্পন্ন করা হবে।
শ্রীমঙ্গল উপজেলায় গ্রাম সড়ক পুনর্বাসন প্রকল্প-২ (VRRP-2) এর আওতায় শ্রীমঙ্গল জিসি (রাধানগর) মোহাজেরাবাদ বাজার রোডের বিষামনি বাজার সড়কের পুনর্বাসন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে এ উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা প্রকৌশলী আব্দুর রাকিব, উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি খানাখন্দ ও ভাঙাচোরা থাকা অবস্থায় সাধারণ মানুষকে এ সড়ক দিয়ে চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। সড়কটির পুনর্বাসন কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে ও চলাচলে গতি আসবে।